
রাজধানীর দক্ষিণ গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠানের চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল
রাজধানীর দক্ষিণ গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠানের চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল। অনুমোদিত সীমার বাইরে গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১-এর সমন্বয়ে গঠিত যৌথ দল।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর ডিপ্লোমেটিক ওয়্যারহাউসের কার্যক্রমে অভিযানের সময় গুরুতর অসংগতি ধরা পড়ে।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুত রেখেছে। এর মধ্যে অনুমোদিত ওয়্যারহাউসের পাশাপাশি আরও দুটি অননুমোদিত গুদামে পণ্য সংরক্ষণ করা হয়েছে।
কর্তৃপক্ষের অভিযোগ, বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য অনুমোদিত সীমার বাইরে এসব গুদামে রাখা হয়েছিল। অননুমোদিত ওয়্যারহাউস থেকে পণ্য স্থানান্তর বা অপসারণ ঠেকানো এবং তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়।
এ ঘটনায় তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলছে। তদন্ত শেষে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

