
রংপুরের পীরগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান মিয়া (৪৫) নামে তার মামাশ্বশুরকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, হাসান মিয়া পীরগঞ্জ উপজেলার বেড়াখাই গ্রামের মৃত আইজার রহমানের ছেলে। বাড়ি পাশাপাশি হওয়ায় তিনি ওই গৃহবধূকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিতেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। এতে রাজি না হওয়ায় তাকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ১২ আগস্ট দুপুরে ওই গৃহবধূ নিজ বাড়ির একটি ঘরে অবস্থান করছিলেন। এ সময় হাসান মিয়া ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। ওই নারী চিৎকার শুরু করলে হাসান মিয়া সেখান থেকে পালিয়ে যান।
ঘটনার পর ৪ সেপ্টেম্বর ভুক্তভোগী নারী পীরগঞ্জ থানায় মামলা করেন। মামলা হওয়ার পর গ্রেপ্তার এড়াতে হাসান মিয়া আত্মগোপনে চলে যান।
এসআরবি জানায়, তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হয়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩ রংপুর ও এসআরবি-১ গাজীপুরের যৌথ দল গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর হাসান মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, নারী ও শিশুর প্রতি সহিংসতা, হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

