
নিজের স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে ব্যবহার করে পর্নোগ্রাফির ভিডিও তৈরি এবং সেগুলো আন্তর্জাতিক ওয়েবসাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে এ অভিযান চালানো হয়। আটক গিয়াস উদ্দিন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকায় ইসলাম সিএনজির পাশে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। অভিযোগ রয়েছে, ওই বাসায় তিনি নিজের স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগ্নিকে দিয়ে পর্নোগ্রাফির ভিডিও তৈরি করতেন। পরে এসব ভিডিও বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিক্রি করা হতো।
সম্প্রতি প্রশাসনের নজরদারি এড়াতে পরিবারসহ ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পরিকল্পনা করেন গিয়াস উদ্দিন। এর অংশ হিসেবে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় বাসা পরিবর্তন করেন তিনি।
পুলিশ সূত্র জানায়, বাসা পরিবর্তনের খবর পেয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি দল তাদের মালামাল বহনকারী গাড়ির ওপর নজরদারি শুরু করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দ্রুত অভিযান চালিয়ে গিয়াস উদ্দিনকে আটক করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, অভিযানে ওই বাসা থেকে পর্নোগ্রাফি তৈরির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত পাওয়া গেছে। এ ছাড়া ব্যাংক হিসাবেও সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকা এবং অর্থ লেনদেনের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

