নারীর পোশাক ও পরচুলায় ১৬ খুনের আসামি, কোলে ছিল অপরিচিত শিশু

নারীর পোশাক ও পরচুলায় ১৬ খুনের আসামি, কোলে ছিল অপরিচিত শিশু - the Bengali Times
ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলের পারাইবা রাজ্যে ১৬টি হত্যাকাণ্ডের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের পারাইবা রাজ্যে ১৬টি হত্যাকাণ্ডের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন দুর্গম জঙ্গলে আত্মগোপনে থাকা ৩৩ বছর বয়সী জোরলান লোপেস দা সিলভা নারীর পোশাক ও পরচুলা পরে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়েন।

তদন্ত কর্মকর্তা ডগলাস গার্সিয়ার বরাত দিয়ে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, দা সিলভা ঘন জঙ্গলে লুকিয়ে থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে চলছিলেন।

- Advertisement -

স্থানীয়রা রোগা ও দুর্বল শারীরিক গড়নের কারণে তাকে ‘মসকিতো’ বা ‘মশা’ নামে ডাকত। পুলিশের দাবি, তার এই শারীরিক বৈশিষ্ট্যও আত্মগোপনে সহায়ক হয়েছিল।

তদন্তে জানা যায়, তিন মাসের মধ্যে পারাইবার মুলুঙ্গু এলাকায় একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। একটি জনবহুল এলাকায় ১৮ বছর বয়সী এক তরুণকে গুলি করে হত্যার তদন্ত করতে গিয়ে পুলিশ অন্য ঘটনাগুলোর সঙ্গেও দা সিলভার যোগসূত্র খুঁজে পায়।

জিজ্ঞাসাবাদে দা সিলভা দাবি করেছেন, তিনি শুধু অপরাধীদের লক্ষ্য করে হামলা চালিয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত পাওয়া প্রমাণের সঙ্গে তার বক্তব্যের মিল নেই।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের সময় দা সিলভার পরনে ছিল কালো-সাদা ডোরাকাটা পোশাক, মাথায় পরচুলা এবং নখে রং। তাঁর কোলে ছিল এমন একটি শিশু, যেটি তাঁর নিজের সন্তান নয়।

তদন্ত কর্মকর্তা গার্সিয়া বলেন, জঙ্গলে নিজের আশ্রয়ে ফিরতে না পেরে দা সিলভা মরিয়া হয়ে এই ছদ্মবেশ নিয়েছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি আরও কয়েকটি অপরাধের কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ। ফলে পুরোনো কয়েকটি অমীমাংসিত হত্যাকাণ্ডের তদন্তও নতুন করে শুরু করা হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles