
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় তাঁর মামা ওবায়দুর রহমানকে দায়ী করেছেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। তাঁর দাবি, ওবায়দুরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাসুম বিল্লাহ অভিযোগ করেন, গত ১৩ জুলাই মরিয়মের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে ওবায়দুর তাঁর কাছে ১০ লাখ টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় পরে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
মাসুম বিল্লাহ বলেন, ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁর মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বাবা-মায়ের সঙ্গে ঠিকমতো কথা বলতেন না এবং তাঁদের দেখলেই কান্নায় ভেঙে পড়তেন।
তিনি অভিযোগ করেন, পরিবারের সদস্য হিসেবে ওবায়দুরকে বিশ্বাস করে মেয়েকে তাঁর কাছে যেতে দিয়েছিলেন। কিন্তু সেই সুযোগে ভিডিও ধারণ করে অর্থ দাবি করা হয়েছে।
মাসুম বিল্লাহ আরও দাবি করেন, ১৩ জুলাইয়ের ফোনকলের তথ্য যাচাই করলে টাকা দাবির বিষয়টি পাওয়া যেতে পারে। তিনি ওবায়দুরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বাবা শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি ওবায়দুর রহমান তখনও গ্রেপ্তার হননি বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

