
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক আগ্রহ। আর সেই ম্যাচের টিকিটের দামও ছাড়িয়েছে লাখের ঘর।
বিশ্বকাপের পর বিশেষ ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল। তবে মেসি থাকবেন শুধু শেষ ম্যাচে। বেনিনের বিপক্ষে সেই ম্যাচেই আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন এই তারকা।
মেসির বিদায়ী ম্যাচটি হবে নুনিয়েসের মনুমেন্টাল স্টেডিয়ামে। টিকিট বিক্রি শুরু হবে ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে।
টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার থেকে ৪ লাখ ৮০ হাজার আর্জেন্টাইন পেসো পর্যন্ত। সাধারণ গ্যালারির টিকিট ৯০ হাজার পেসো। শিশুদের জন্য টিকিট ২৯ হাজার পেসো।
এ ছাড়া বিভিন্ন গ্যালারির টিকিটের দাম ১ লাখ ৮০ হাজার, ৩ লাখ ২০ হাজার, ৪ লাখ ৫০ হাজার এবং সর্বোচ্চ ৪ লাখ ৮০ হাজার পেসো। সবচেয়ে দামি টিকিট পাওয়া যাবে সান মার্তিন ও বেলগ্রানোর মাঝের গ্যালারিতে।
মেসির শেষ ম্যাচে কাতার বিশ্বকাপজয়ী সতীর্থদের অনেকেই তার সঙ্গে মাঠে থাকবেন বলে আশা করা হচ্ছে। ফলে ঐতিহাসিক এই ম্যাচের টিকিট নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।

