‘আর কখনো এমন করব না’, পুরোনো ভিডিও নিয়ে দুঃখ প্রকাশ লিসার

‘আর কখনো এমন করব না’, পুরোনো ভিডিও নিয়ে দুঃখ প্রকাশ লিসার - the Bengali Times
জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য লিসা

এক দশকেরও বেশি পুরোনো একটি ভিডিও ঘিরে তৈরি হওয়া বিতর্কের জন্য দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য লিসা। ভিডিওতে ব্যবহৃত একটি বর্ণবাদী শব্দের অর্থ ও এর ইতিহাস সে সময় জানতেন না বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।

লিসার নতুন তথ্যচিত্র **‘অলওয়েজ লালিসা’**তে বিষয়টি উঠে এসেছে। গত ১১ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তথ্যচিত্রটির প্রিমিয়ার হয়। পরে মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে পুরোনো ভিডিও ও বিতর্ক নিয়ে কথা বলেন লিসা।

- Advertisement -

নিজের ভুল স্বীকার করে লিসা বলেন, ওই শব্দের বর্ণবাদী ইতিহাস সম্পর্কে তখন তার কোনো ধারণা ছিল না। থাইল্যান্ডে বেড়ে ওঠার কারণে এ বিষয়ে তিনি যথেষ্ট জানতেন না বলেও উল্লেখ করেন।

ভিডিওগুলো এক দশকেরও বেশি পুরোনো। তখন লিসা ও ব্ল্যাকপিংকের অন্য সদস্যরা কিশোরী ছিলেন। তারা অন্য শিল্পীদের গান অনুশীলন করছিলেন। সেই গানগুলোর কথায় থাকা বিতর্কিত শব্দও তারা ব্যবহার করেছিলেন।

২০২৫ সালে লিসার প্রথম একক কোচেলা পরিবেশনের প্রস্তুতির সময় পুরোনো ভিডিওগুলো প্রকাশ্যে আসে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে লিসা বলেন, এখন তিনি বিষয়টি সম্পর্কে জেনেছেন এবং প্রয়োজনীয় শিক্ষা নিয়েছেন। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তথ্যচিত্রে আরও জানানো হয়েছে, বিতর্কের সময় বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে লিসাকে তার প্রতিষ্ঠান নিষেধ করেছিল। সেই সময়ের অভিজ্ঞতা স্মরণ করে লিসা জানান, বিষয়টি তাকে ভীষণভাবে কষ্ট দিয়েছিল। তিনি তখন নিজের পরিবেশনার প্রস্তুতিতে মনোযোগ দিতে চেয়েছিলেন। কিন্তু কিছু পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

তবে সেই পরিস্থিতি পেরিয়ে নিজের ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন লিসা।

‘অলওয়েজ লালিসা’ তথ্যচিত্রে ব্ল্যাকপিংক থেকে দূরে থাকার সময় তার একক ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। আগামী ১২ অক্টোবর প্রেক্ষাগৃহ ও আইম্যাক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে তথ্যচিত্রটির। পরে এটি ইউটিউব প্রিমিয়ামেও দেখা যাবে।

- Advertisement -

Related Articles

Latest Articles