
বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীদের নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী তানিশা মুখার্জি। এমন নারীদের নারীবাদী বলা যায় না বলে মন্তব্য করেছেন তিনি। বরং ইচ্ছাকৃতভাবে বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীদের ‘নারীবিরোধী’ ও ‘অশুভ’ বলে অভিহিত করেছেন তানিশা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন কাজলের বোন তানিশা। তাঁর মতে, বিবাহিত কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো মানে শুধু ওই পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা নয়, বরং তার স্ত্রীকেও অসম্মান করা।
তবে এ ক্ষেত্রে শুধু নারীকে দায়ী করেননি অভিনেত্রী। তাঁর বক্তব্য, বিবাহিত হয়েও অন্য সম্পর্কে জড়ানো পুরুষেরও দায় রয়েছে। এমন পুরুষের চরিত্র নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তানিশা আরও বলেন, যারা জেনেশুনে বিবাহিত পুরুষের পেছনে ছোটেন, তারা শিশুদের জন্য ভালো আদর্শ হতে পারেন না। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট বলেও উল্লেখ করেন তিনি।
তানিশার মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকেই তাঁর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। তাদের মতে, বিবাহিত সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ নিয়ে প্রশ্ন থাকলেও সম্পর্কের ক্ষেত্রে নারী ও পুরুষ—উভয়েরই দায় বিবেচনা করা উচিত। আবার কেউ কেউ মনে করছেন, ব্যক্তিগত সম্পর্কের বিষয়কে এভাবে সাধারণীকরণ করা ঠিক নয়।
এর আগে গত বছর ‘মেল ফেমিনিস্ট পডকাস্ট’-এ নারীবাদ ও ভারতীয় সমাজে নারীর অবস্থান নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন তানিশা। সেখানে তিনি ভারতীয় সংস্কৃতিতে নারীদের সম্মান করার ঐতিহ্যের কথা তুলে ধরেন।
নিজের বক্তব্যের পক্ষে উদাহরণ দিতে হিন্দুধর্মের বিভিন্ন চরিত্রের কথাও উল্লেখ করেন অভিনেত্রী। তাঁর মতে, ভারতীয় সংস্কৃতিতে নারীর শক্তি, মর্যাদা ও স্বাধীনতার বিষয়টি গুরুত্বপূর্ণ।
তানিশার সাম্প্রতিক মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে পক্ষে-বিপক্ষে নানা মত।

