ক্রিকেটার রিংকুর সঙ্গে বিয়ে, কে এই সংসদ সদস্য প্রিয়া সরোজ?

ক্রিকেটার রিংকুর সঙ্গে বিয়ে, কে এই সংসদ সদস্য প্রিয়া সরোজ? - the Bengali Times
সংসদ সদস্য প্রিয়া সরোজ

ভারতীয় ক্রিকেটার রিংকু সিংয়ের সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজ। আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের রামাডা হোটেলে তাদের বিয়ের আয়োজন হওয়ার কথা রয়েছে। ২০২৫ সালের জুনে লখনউয়ের দ্য সেন্ট্রম হোটেলে তাদের বাগদান হয়েছিল।

রিংকু ক্রিকেটের মাঠে পরিচিত মুখ হলেও প্রিয়া সরোজের পরিচয় রাজনীতির জগতে। ১৯৯৮ সালের ২৩ নভেম্বর বারাণসীতে জন্ম নেওয়া প্রিয়া ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের মছলিশহর আসন থেকে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে জয় পান। মাত্র ২৫ বছর বয়সে নির্বাচিত হয়ে তিনি তখন লোকসভার তরুণ সংসদ সদস্যদের একজন ছিলেন।

- Advertisement -

প্রিয়ার বাবা তুফানি সরোজও রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাবার রাজনৈতিক পরিচিতির পাশাপাশি প্রিয়ার নিজের পেশাগত পরিচয়ও রয়েছে।

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন প্রিয়া। এরপর আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে পেশাগত কাজ শুরু করেন। ভারতের সংসদের সরকারি ওয়েবসাইটেও তার পেশা আইনজীবী ও রাজনৈতিক-সামাজিক কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের নির্বাচনে মছলিশহর আসনে বিজেপির ভোলানাথকে ৩৫ হাজার ৮৫০ ভোটের ব্যবধানে পরাজিত করেন প্রিয়া। এরপর ১৮তম লোকসভায় তার রাজনৈতিক পথচলা শুরু হয়।

যেভাবে পরিচয় রিংকু-প্রিয়ার

রিংকু ও প্রিয়ার সম্পর্কের শুরু সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রিংকুর একটি সাক্ষাৎকারের বরাত দিয়ে জানা যায়, করোনাকালীন সময়ে একটি সমর্থক পাতায় প্রিয়ার ছবি দেখে তার প্রতি আগ্রহ তৈরি হয় রিংকুর। পরে প্রিয়া রিংকুর কয়েকটি ছবিতে প্রতিক্রিয়া জানালে তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়।

ধীরে ধীরে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা শুরু হয়। ২০২২ সালের দিকে রিংকু বুঝতে পারেন, প্রিয়ার প্রতি তার ভালোবাসা তৈরি হয়েছে বলে ওই সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি।

রিংকুর ক্রিকেট ক্যারিয়ারেও প্রিয়ার সমর্থনের কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে রিংকুর ম্যাচে গ্যালারিতে তাকে দেখা গেছে।

২০২৫ সালের জুনে তাদের বাগদানের পর এবার বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছে। দুই পরিবারে চলছে বিয়ের প্রস্তুতি। বিয়েতে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বিশেষ অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles