হাঙরকে ঘুষি মেরে বাঁচলেন অস্ট্রেলীয় নারী

হাঙরকে ঘুষি মেরে বাঁচলেন অস্ট্রেলীয় নারী - the Bengali Times
অস্ট্রেলিয়ার সিডনির কুজি সৈকতে সাঁতার কাটতে গিয়ে চার মিটার দীর্ঘ গ্রেট হোয়াইট হাঙরের আক্রমণের শিকার হয়েছিলেন লিয়া স্টুয়ার্ট

অস্ট্রেলিয়ার সিডনির কুজি সৈকতে সাঁতার কাটতে গিয়ে চার মিটার দীর্ঘ গ্রেট হোয়াইট হাঙরের আক্রমণের শিকার হয়েছিলেন লিয়া স্টুয়ার্ট। ভয়াবহ সেই হামলায় বাঁহাত হারিয়েছেন তিনি। তবে এক বছর বয়সী মেয়ের কথা মনে করে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যান এই নারী। শেষ পর্যন্ত হাঙরের মুখে একের পর এক ঘুষি মেরে প্রাণে বেঁচে ফিরেছেন তিনি।

ঘটনাটি ঘটে গত ১৩ জুন সকালে। পেশায় শিক্ষক ৩৪ বছর বয়সী লিয়া সিডনির পূর্বাঞ্চলের কুজি সৈকতে সাঁতার কাটছিলেন। হঠাৎ একটি বিশাল হাঙর তার ওপর হামলে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। দুই সপ্তাহেরও বেশি সময় তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। পরে চিকিৎসকদের তার বাঁহাত কেটে বাদ দিতে হয়।

- Advertisement -

সুস্থ হওয়ার পর দেওয়া প্রথম সাক্ষাৎকারে লিয়া জানান, হাঙরটি তার মুখের মাত্র প্রায় ৩০ সেন্টিমিটার দূরত্বে চলে এসেছিল। বিশাল প্রাণীটি মুখ হাঁ করে তার দিকে এগিয়ে আসছিল। পরিস্থিতি বুঝে নিজের মুখ রক্ষার জন্য তিনি দ্রুত সিদ্ধান্ত নেন।

লিয়া ডানহাতি হওয়ায় হাঙরের আক্রমণ ঠেকাতে বাঁহাতটিই সামনে এগিয়ে দেন। এরপর হাঙরের মুখ লক্ষ্য করে পরপর ঘুষি মারতে থাকেন। তার ভাষায়, সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন তিনি কোনো ডাইনোসরের সঙ্গে লড়াই করছেন। হাঙরের শরীর এতটাই শক্ত মনে হচ্ছিল যে, সেটিকে দেয়ালের সঙ্গে তুলনা করেছিলেন তিনি।

তবে তার প্রতিরোধেও হাঙরের আক্রমণ থামেনি। প্রাণীটি তার বাঁহাত ও ঊরুতে গুরুতর কামড় দেয়। এতে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তিনি মারাত্মকভাবে আহত হন।

সৈকতে নিস্তেজ হয়ে পড়ে থাকার সময়ও লিয়ার মাথায় ঘুরছিল এক বছরের মেয়ে আগস্টের কথা। মেয়ের মুখ মনে করে তিনি চেতনা ধরে রাখার চেষ্টা করেন। তার ভাষায়, মৃত্যুর মুখে দাঁড়িয়েও তিনি ভাবছিলেন, মেয়েকে কোনোভাবেই মাতৃহীন হতে দেওয়া যাবে না।

দীর্ঘ চিকিৎসার পর এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন লিয়া। বাঁহাত হারানোর বাস্তবতা তার জন্য কঠিন হলেও জীবনকে নতুনভাবে দেখার চেষ্টা করছেন তিনি। ভয়াবহ ওই হামলাকে জীবনের দ্বিতীয় সুযোগ হিসেবে দেখছেন এই অস্ট্রেলীয় নারী।

লিয়ার এই অভিজ্ঞতা শুধু হাঙরের আক্রমণ থেকে বেঁচে ফেরার গল্প নয়; সন্তানের প্রতি মায়ের গভীর ভালোবাসা কীভাবে মৃত্যুভয়কেও অতিক্রম করার শক্তি দিতে পারে, তারও এক মর্মস্পর্শী উদাহরণ।

- Advertisement -

Related Articles

Latest Articles