পদত্যাগ করছেন কনজার্ভেটিভ এমপি ল্যারি ব্রকস

পদত্যাগ করছেন কনজার্ভেটিভ এমপি ল্যারি ব্রকস - the Bengali Times
ব্রকের পদত্যাগের ফলে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকারের দ্বিতীয় বছর পূর্ণ হওয়ার আগেই কানাডিয়ান ভোটাররা একাধিক উপনির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন

অন্টারিওর কনজার্ভেটিভ এমপি ল্যারি ব্রক হাউজ অব কমন্স থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর পদত্যাগের ফলে দক্ষিণ-পশ্চিম অন্টারিওর ব্র্যান্টফোর্ড-ব্র্যান্ট সাউথ রাইডিংয়ে নতুন করে উপনির্বাচন আয়োজন করতে হবে। আগামী ৩১ আগস্ট থেকে এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে এই উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০২১ সালে প্রথমবার ব্র্যান্টফোর্ড-ব্র্যান্ট সাউথ থেকে এমপি নির্বাচিত হন ব্রক। এবার তিনি রাজনীতির ময়দান থেকে সরে গিয়ে ব্র্যান্টফোর্ডে ক্রাউন অ্যাটর্নির কার্যালয়ের দায়িত্ব নিতে চলেছেন। সেই কারণেই হাউজ অব কমন্স ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

- Advertisement -

ব্রকের পদত্যাগের ফলে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকারের দ্বিতীয় বছর পূর্ণ হওয়ার আগেই কানাডিয়ান ভোটাররা একাধিক উপনির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। সব মিলিয়ে এই সময়ের মধ্যে ১২টি পৃথক উপনির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আপাতত অবশ্য নতুন করে আর কোনো এমপি পদত্যাগ করবেন এমন ইঙ্গিত নেই।

তবে একের পর এক উপনির্বাচনের আয়োজন সরকারের জন্য যথেষ্ট ব্যয়বহুল। ইলেকশন্স কানাডার হিসাব অনুযায়ী, গত বছর অনুষ্ঠিত উপনির্বাচনগুলিতে করদাতাদের মোট প্রায় ৩২ লাখ ডলার খরচ হয়েছিল। এর মধ্যে গত গ্রীষ্মে ব্যাটল রিভার-ক্রফোর্ড রাইডিংয়ের উপনির্বাচনেই ব্যয় হয়েছিল প্রায় ২৩ লাখ ডলার। ওই ভোটে জয়ী হয়ে হাউজ অব কমন্সে ফিরে আসেন কনজার্ভেটিভ নেতা পিয়েরে পয়লিয়েভর।

অন্যদিকে, গত বসন্তে হ্যালিফ্যাক্সে উপনির্বাচনের জন্য প্রায় ৮ লাখ ৮২ হাজার ডলার খরচের হিসাব করা হয়েছিল। যদিও মার্ক কার্নি সাধারণ নির্বাচন ঘোষণা করায় শেষ পর্যন্ত সেই উপনির্বাচন আর অনুষ্ঠিত হয়নি। ২০২৪ সালে পাঁচটি উপনির্বাচন আয়োজন করতেই মোট প্রায় এক কোটি ২ লাখ ডলার ব্যয় হয়েছিল।

এই গ্রীষ্মে পদত্যাগ করতে যাওয়া ল্যারি ব্রক হলেন টানা তৃতীয় এমপি। এর আগে সাসকাচেওয়ানের এমপি ক্যাথি ওয়াগানটাল চলতি মাসের শেষে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে কুইবেকের এমপি রিচার্ড মার্টেল হাউজ অব কমন্স ছেড়ে সেনেটে যোগ দিয়েছেন। মার্টেলের ছেড়ে যাওয়া চিকোটোমি-লে ফিয়োর্ড রাইডিংয়েও চলতি মাসের শেষ দিকে উপনির্বাচন হওয়ার কথা। একই সময়ে নর্থ ভ্যানকুভার-ক্যাপিলানো এবং টরন্টোর বিচেস-ইস্ট ইয়র্ক রাইডিংয়েও ভোটগ্রহণ হবে।

ফলে ল্যারি ব্রকের পদত্যাগ কানাডার ফেডারেল রাজনীতিতে উপনির্বাচনের সংখ্যা আরও বাড়িয়ে দিল। একের পর এক আসনে ভোট হওয়ায় বিভিন্ন দলের জন্যও এটি জনসমর্থনের বর্তমান অবস্থান যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠতে পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles