
কতো গুলো বছর পেরিয়ে গেলে ভাবনা আসে মধ্য গগনের সূর্য্য ডুব দিয়েছে ?
কতো গুলো সিঁড়ি ভাঙতে ভাঙতে মনে ক্লান্তির ভয় জাগে ?
কতোটা পথ চলার পর পেছন ফিরলে দুঃখ লাগে ?
এই তো সেদিন আমার কিশোর বেলা ছিলো , আনন্দ উচ্ছাসে ভরা ভাবনাহীন জীবন ছিলো । তরুন বয়েসের অন্য রকম ভালো লাগা ছিলো , ভালোবাসা ছিলো , প্রিয় বন্ধুদের সাথে জমজমাট হাসি খুশির জীবন ছিলো । ব্যস্ততায় ভরা যৌবন ছিলো । সব কিছু শুধু এখন আমাকে ডাকে ভীষণ ভাবে ডাকে । চোখের নিমিষে সব কিছু হারিয়ে গেলো । মনে হয় এইতো সেদিনের কথা। জীবনের কতো গুলো অধ্যায় কি করে পেড়িয়ে এলাম বুঝতেই পারলাম না। এখন বার্ধক্য আমার পেছনে ছুটছে । কিছুতেই সে আমাকে ছাড়বে না। আর আমি পালিয়ে বেড়াই তার কাছ থেকে , সেও ছুটছে আমিও ছুটছি এই খেলাতে তার জয় হবে আর আমি হেরে যাবো । এই হার জিতের নামই জীবন ।
আজ ২০সে আগস্ট । এই দিনে কোন এক শ্রাবণ সন্ধ্যাতে আমি পৃথিবীর মুখ দেখেছিলাম। শ্রাবণের প্রবল ধারাকে উপেক্ষা করে একটি নবজাতো শিশুর কান্নায় মখোরিত হয়েছিলো প্রকৃতি ।
রবি ঠাকুরের কথা বলতে ইচ্ছে করছে
জন্মদিন আসে বারেবার ।
মনে করাবারে ।
এ জীবন নিত্যই নুতন
প্রতি পাতে আলোকিত
পুলকিত দিনের মতো ।
এতোটা পথ পেরিয়ে আজকের আমি।
এদিন আর সেদিন। মনে পড়ে সেদিনের কথা।এদিনের ব্যস্ততায় হারিয়ে গেলো সে দিন।

