
ভারতের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তিন বছরের ছেলে স্বর্ণ শিষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী নিহত হয়েছেন। অসুস্থ স্ত্রীর চিকিৎসা শেষে দেশে ফেরার আগের রাতেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
দেবাশীষের আট বছরের মেয়ে মহিমা দত্তকে কুষ্টিয়ায় দাদা-দাদির কাছে রেখে চিকিৎসার জন্য স্ত্রী ও ছেলেকে নিয়ে ভারতে গিয়েছিলেন তিনি। ফলে পরিবারের চার সদস্যকে হারিয়ে শিশু মহিমা এখন একা হয়ে গেল।
গত ৩ আগস্ট চিকিৎসার উদ্দেশ্যে ভারত যান দেবাশীষ। স্ত্রীকে নিয়ে কলকাতা হয়ে বেঙ্গালুরুতে চিকিৎসা শেষে তারা আবার কলকাতায় ফেরেন। পরদিন দেশে ফেরার কথা থাকলেও প্রয়োজনীয় কেনাকাটার জন্য একদিন সেখানে থেকে যান। এরপর হোটেলে আগুন লাগার ঘটনায় পরিবারের চারজনেরই মৃত্যু হয়।
দেবাশীষ দত্ত কুষ্টিয়ার স্থানীয় গণমাধ্যমে কর্মরত ছিলেন এবং বিভিন্ন জাতীয় গণমাধ্যমের প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। তার মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক মহলে গভীর শোক নেমে এসেছে।
পরিবারের সদস্যরা নিহত চারজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন করতে কলকাতায় অবস্থান করছেন।

