
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নারীদের মধ্যে মাদক ও অ্যালকোহল গ্রহণের প্রবণতা বাড়ছে বলে সংশ্লিষ্টদের তথ্য ও পর্যবেক্ষণে উঠে এসেছে। চলতি বছর মদ পানের পারমিট বা লাইসেন্সের জন্য হাজারের বেশি তরুণী আবেদন করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
নারকোটিক্সের তথ্য অনুযায়ী, ৩০ জুন পর্যন্ত প্রায় ৭০০ তরুণীর নামে মদ পানের পারমিট ইস্যু হয়েছে। আরও কয়েকশ আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীর গুলশান এলাকায় সবচেয়ে বেশি নারী পারমিট নিয়েছেন। এরপর রয়েছে উত্তরা ও তেজগাঁও।
এদিকে ২০২০ সাল থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সরকারি নিরাময়কেন্দ্রে ৩ হাজার ১০৬ জন নারী মাদকাসক্তির চিকিৎসা নিয়েছেন। বেসরকারি নিরাময়কেন্দ্রগুলোতেও ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকে আসক্ত নারী রোগীর সংখ্যা রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, হতাশা, পারিবারিক সংকট, অসৎ সঙ্গ এবং নানা সামাজিক পরিস্থিতির কারণে অনেক নারী মাদকের দিকে ঝুঁকে পড়ছেন। শিক্ষার্থী, গৃহিণী, চাকরিজীবী এমনকি চিকিৎসকরাও মাদকাসক্তির চিকিৎসা নিতে নিরাময়কেন্দ্রে ভর্তি হচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে মাদকাসক্তিকে শুধু কোনো নির্দিষ্ট বয়স, শ্রেণি বা লিঙ্গের সমস্যা হিসেবে না দেখে চিকিৎসা ও জনস্বাস্থ্যগত সমস্যা হিসেবে মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

