
দুই স্ত্রীর মধ্যে তুমুল বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনায় মানসিক চাপ সামলাতে না পেরে জ্ঞান হারিয়েছেন মিসর জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হোসাম হাসান
দুই স্ত্রীর মধ্যে তুমুল বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনায় মানসিক চাপ সামলাতে না পেরে জ্ঞান হারিয়েছেন মিসর জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হোসাম হাসান। এ ঘটনার পর প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাওয়ির সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সম্প্রতি মিসরের উত্তর উপকূলীয় এলাকার একটি বিলাসবহুল রিসোর্টের ক্যাফেতে এ ঘটনা ঘটে। দ্বিতীয় স্ত্রী দিনা মোস্তফার আইনজীবী মোহাম্মদ শামস হোসামের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রিসোর্টের ক্যাফেতে দুই স্ত্রী মুখোমুখি হলে প্রথমে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা শারীরিক সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন শরীরে আঘাত ও কালশিটের শিকার হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ক্যাফেতে উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুলিশকে খবর দেওয়া হয়।
এ সময় পুরো পরিস্থিতিতে চরম মানসিক চাপে পড়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যান হোসাম হাসান।
জানা গেছে, হোয়াইদার সঙ্গে হোসামের সংসারে তিন সন্তান রয়েছে—আয়া, রুয়া ও ওমর। ২০২২ সালেও তাদের মধ্যে ১০ দিনের সাময়িক বিচ্ছেদ হয়েছিল। পরে সম্পর্ক স্বাভাবিক হলেও এবার সংঘাতের পর স্থায়ীভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন হোসাম।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রথম স্ত্রী হোয়াইদার সঙ্গে দাম্পত্য সম্পর্ক চলাকালীন ‘ড্যান অ্যাডাম’ নামে পরিচিত দিনা মোস্তফাকে দ্বিতীয় বিয়ে করেন হোসাম হাসান।
ঘটনার পর বিষয়টি মিসরের ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

