
পুরুষের কিছু শখ ও অভ্যাস নারীদের কাছে তাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে—এমন তথ্য উঠে এসেছে একটি নতুন সমীক্ষায়। ‘ডেট সাইকোলজি’র ওই সমীক্ষায় ৭৪ ধরনের শখ ও অভ্যাস নিয়ে নারীদের মতামত নেওয়া হয়।
সমীক্ষায় দেখা গেছে, বই পড়ার অভ্যাস রয়েছে এমন পুরুষদের প্রতি নারীদের আকর্ষণ সবচেয়ে বেশি। অংশগ্রহণকারী নারীদের ৯৮ দশমিক ২ শতাংশ জানিয়েছেন, কোনো পুরুষকে বই পড়তে দেখলে সেটি তাদের কাছে ইতিবাচক ও আকর্ষণীয় মনে হয়।
সমীক্ষায় নারীদের পছন্দের শীর্ষ পাঁচটি শখ হলো—
১. বই পড়া
২. বিদেশি ভাষা শেখা
৩. বাদ্যযন্ত্র বাজানো
৪. রান্না করা
৫. কাঠের কাজ করা
এ ছাড়া চিত্রাঙ্কন, লেখালেখি, আলোকচিত্র, জ্যোতির্বিজ্ঞান, পাহাড়ে হাঁটা, ধাতুর কাজ ও তিরন্দাজির মতো শখও নারীদের কাছে তুলনামূলক আকর্ষণীয় বলে উঠে এসেছে।
সমীক্ষার ফলাফল বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, নতুন কিছু শেখা, সৃজনশীল কাজে যুক্ত থাকা এবং শারীরিকভাবে সক্রিয় থাকার মতো অভ্যাস পুরুষদের প্রতি নারীদের ইতিবাচক ধারণা তৈরিতে ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে, নারীবিদ্বেষী অনলাইন সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকা, অশ্লীল ভিডিও দেখা, জুয়া খেলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানোকে তুলনামূলকভাবে কম আকর্ষণীয় হিসেবে বিবেচনা করেছেন অংশগ্রহণকারীরা। ক্রিপ্টোকারেন্সি লেনদেন, কসপ্লে ও কমিক বই সংগ্রহের মতো শখও তালিকার নিচের দিকে রয়েছে।
ডেটিং কোচ কোর্টনি রায়ানের মতে, মদ্যপান বা রাতের ক্লাবকেন্দ্রিক জীবনযাপনকে প্রধান বিনোদন হিসেবে নেওয়াকে অনেক নারী অপরিণত আচরণ হিসেবে দেখতে পারেন।
তবে বিশেষজ্ঞদের মতে, কাউকে আকৃষ্ট করার জন্য কৃত্রিমভাবে কোনো শখ তৈরি করার চেয়ে নিজের পছন্দের কাজে সত্যিকারের আগ্রহী হওয়াই গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘমেয়াদি সম্পর্কে ব্যক্তিত্ব, আচরণ ও নিজস্ব আগ্রহই বেশি প্রভাব ফেলে।
তবে সমীক্ষার ফলাফলকে সব নারীর পছন্দের চূড়ান্ত মাপকাঠি হিসেবে দেখার সুযোগ নেই। এর নমুনা ও গবেষণাপদ্ধতির সীমাবদ্ধতা বিবেচনা করেই ফলাফলটি মূল্যায়ন করা প্রয়োজন।

