
দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। পর্তুগালের উপকূলীয় শহর ক্যাসকাইসে এক ব্যক্তিগত বেসামরিক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে বিয়ের খবর নিশ্চিত করেন রোনালদো ও জর্জিনা। ছবিতে দুজনের হাতে বিয়ের আংটি দেখা যায়। ছবির ক্যাপশনে রোনালদো লেখেন, ‘C❤️G’।
২০১৬ সালে মাদ্রিদে প্রথম দেখা হয় রোনালদো ও জর্জিনার। এরপর থেকেই তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের প্রেমের পর ২০২৫ সালের আগস্টে বাগদানের ঘোষণা দেন এই দম্পতি।
ক্যাসকাইসে বিয়ের আয়োজন
পর্তুগালের রাজধানী লিসবনের প্রায় ২০ মাইল পশ্চিমে অবস্থিত উপকূলীয় শহর ক্যাসকাইসে বিয়ের আয়োজন করা হয়। ব্যক্তিগত এই অনুষ্ঠানে রোনালদো ও জর্জিনার পাঁচ সন্তানও উপস্থিত ছিল।
এর আগে তাঁদের বিয়ে নিয়ে একাধিকবার গুঞ্জন ছড়িয়েছিল। সম্প্রতি পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনশাল ক্যাথেড্রালের সামনে তাঁদের বিয়ে হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়লে সেখানে ভক্ত ও সংবাদকর্মীদের ভিড় জমে। পরে জানা যায়, সেখানে অন্য এক দম্পতির বিয়ের আয়োজন চলছিল।
শেষ পর্যন্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে ক্যাসকাইসে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন রোনালদো ও জর্জিনা।
এদিকে বিয়ের সময়ও ফুটবল ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন ৪১ বছর বয়সী রোনালদো। ২০২৬ বিশ্বকাপে অংশ নিয়ে পুরুষদের বিশ্বকাপে সর্বোচ্চ আসরে খেলার রেকর্ডে আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে ভাগ বসিয়েছেন তিনি। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন পর্তুগিজ এই তারকা।

