কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের - the Bengali Times
এলডিপি চেয়ারম্যান কর্নেল অব অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য

রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মিন্টো রোডের বাসভবনে ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে তাঁর নাম ঘোষণা করা হয়।

- Advertisement -

বৈঠক শেষে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি জানান বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শরিক দল এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে ১১ দলের অভিন্ন প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘কর্নেল অলি আহমদ বাংলাদেশের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বিভিন্ন সময়ে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।’

অলি আহমদকে প্রার্থী করার কারণ ব্যাখ্যা করে নাহিদ ইসলাম বলেন, দেশের চলমান সংকটের সময়ে যে ধরনের অভিভাবকত্ব প্রয়োজন, তা কর্নেল অলি আহমদ দিতে পারবেন বলে ১১ দল মনে করে। তাঁর অভিভাবকত্ব ও নেতৃত্বে দেশের সংকট নিরসন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনকে সাংবিধানিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আলোচনা করা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। এ সময় গণভোট, জুলাই সনদ, সংবিধান সংস্কার এবং নির্বাচন-পরবর্তী রাষ্ট্রপতির ভূমিকা নিয়েও আলোচনা হয়।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়নি। সংস্কার পরিষদের কার্যক্রম শুরু না করা এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণেরও অভিযোগ করেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, প্রচলিত নিয়মে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের প্রাধান্য থাকে। তবে ১১ দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণকে তিনি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হওয়া উচিত।

বৈঠকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles