
২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার অধিনায়ক ও তারকা ফুটবলার লিওনেল মেসিকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে একটি ফাঁস হওয়া পুলিশ নথিতে উঠে এসেছে। শুধু মেসি নন, আর্জেন্টিনা দলের অন্যান্য খেলোয়াড়, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পেসহ বিভিন্ন দলের ফুটবলার, ফিফা কর্মকর্তা ও ম্যাচ পরিচালনাকারী রেফারিরাও হুমকির লক্ষ্য ছিলেন বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে ফাঁস হওয়া ওই পুলিশ নথির বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে কয়েকজন শীর্ষ ফুটবলার, রেফারি ও কর্মকর্তাকে লক্ষ্য করে প্রাণনাশের হুমকি, বোমা হামলার সতর্কতা, অনলাইন হয়রানি ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। এসব ঘটনায় নিরাপত্তা সংস্থাগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়।
নথিতে মেসিকে লক্ষ্য করে দেওয়া একটি ভয়াবহ হুমকির কথাও উল্লেখ করা হয়েছে। এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, তিনি আটলান্টার স্টেডিয়ামে ঢুকে মেসিকে হত্যার চেষ্টা করবেন। এমনকি নিজের শরীরে চারটি বোমা বেঁধে মেসিকে উড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি।
আর্জেন্টিনা ও মিসরের ম্যাচকে ঘিরেও স্টেডিয়ামে বোমা থাকার দাবি করা হয়। এক ব্যক্তি পুলিশকে ফোন করে স্টেডিয়ামের বিভিন্ন ডাস্টবিনে তিনটি বোমা রাখা হয়েছে বলে দাবি করেন। পরে বিস্ফোরক শনাক্তকারী দল, প্রশিক্ষিত কুকুর ও নিরাপত্তাকর্মীরা স্টেডিয়ামজুড়ে তল্লাশি চালান। তবে শেষ পর্যন্ত কোনো বিস্ফোরক পাওয়ার তথ্য পাওয়া যায়নি।
মেসির পাশাপাশি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকেও নিরাপত্তাঝুঁকির মধ্যে রাখা হয়েছিল বলে নথিতে উল্লেখ করা হয়েছে। রোনালদোর হোটেল ঘিরে সন্দেহজনক তৎপরতার তথ্যও উঠে এসেছে। এক ব্যক্তি তাঁর হোটেলে ঢুকে সরাসরি তাঁর কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে দাবি করা হয়েছে।
ম্যাচ পরিচালনাকারী রেফারিরাও হুমকি থেকে রেহাই পাননি। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে ছয় হাজারের বেশি হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভিডিও সহকারী রেফারি উইলি দেলাজোকেও মৃত্যুর হুমকিসহ বিভিন্ন ধরনের বার্তা পাঠানো হয়।
ফাঁস হওয়া নথিতে আরও বলা হয়েছে, বিশ্বকাপের বিভিন্ন ম্যাচকে কেন্দ্র করে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন হয়রানি ও প্রাণনাশের হুমকি ছড়িয়ে পড়েছিল। এ কারণে বিশ্বকাপের সময় বড় তারকাদের নিরাপত্তায় অতিরিক্ত ব্যবস্থা নিতে হয়।
বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসরকে ঘিরে এমন নিরাপত্তা হুমকির তথ্য আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে মেসিকে লক্ষ্য করে কথিত বোমা হামলার হুমকির বিষয়টি সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে।

