বাংলাদেশের পতাকায় সাকিবের অটোগ্রাফ, সামাজিক মাধ্যমে ভাইরাল

বাংলাদেশের পতাকায় সাকিবের অটোগ্রাফ, সামাজিক মাধ্যমে ভাইরাল - the Bengali Times
সাকিব আল হাসান

বাংলাদেশের পতাকায় অটোগ্রাফ দিয়ে আবারও ভক্তদের হৃদয় ছুঁয়েছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে গিয়ে এক বাংলাদেশি ভক্তের হাতে থাকা লাল-সবুজের পতাকায় অটোগ্রাফ দেওয়ার সেই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রায় ২২ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে সাকিব। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বিচ্ছিন্ন নন তিনি। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন এই অলরাউন্ডার।

- Advertisement -

শনিবার রাতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গল গ্ল্যাডিয়েটর্স ও জাফনা কিংসের ফাইনাল শেষে ড্রেসিংরুমে ফিরছিলেন সাকিব। এ সময় গ্যালারি থেকে এক বাংলাদেশি ভক্ত তাঁকে ডাক দেন। লাল-সবুজের পতাকা দেখে সাকিবও ভক্তের কাছে এগিয়ে যান এবং পতাকার ওপর অটোগ্রাফ দেন।

শুধু পতাকাতেই নয়, এক খুদে ভক্তের আবদারও পূরণ করেন সাকিব। ওই ভক্ত তাঁর হাতে একটি ছোট ব্যাট তুলে দিলে তাতেও অটোগ্রাফ দেন তিনি। সাকিবের এমন আচরণে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত বাংলাদেশি সমর্থকেরা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই মুহূর্তের ছবি ও ভিডিও।

ফাইনালে অবশ্য জাফনা কিংস শিরোপা জিততে পারেনি। ১২৪ রানের লক্ষ্য তাড়া করে ২৫ বল হাতে রেখে পাঁচ উইকেটে জয় পায় গল গ্ল্যাডিয়েটর্স। তবে বল হাতে দারুণ পারফর্ম করেন সাকিব।

চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে দুটি উইকেট নেন তিনি। ফাইনালে করা ২৪ বলের মধ্যে ১৫টিই ছিল ডট বল। তাঁর শিকার হন গল গ্ল্যাডিয়েটর্সের টমাস রজার্স ও দিনুরা কালাপাহানা। এ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ ডট বলের পুরস্কারও পান সাকিব।

ফাইনালের আগে ব্যাট হাতে অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ২৪ বলের মধ্যে করেন ৯ রান। জাফনা কিংসের হয়ে আরেক বাংলাদেশি ক্রিকেটার তাওহীদ হৃদয় করেন ১০ রান। তবে পুরো আসরে হৃদয়ের পারফরম্যান্স ছিল উজ্জ্বল। পাঁচ ইনিংসে তিনবার অপরাজিত থেকে তিনি করেন ১৫১ রান।

এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব চার ইনিংসে ব্যাট করে ৪১ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় ২০.৫০ এবং স্ট্রাইক রেট ১১৭.১৪। বল হাতে ৭.৭৯ ইকোনমি রেটে নিয়েছেন ১১ উইকেট।

শিরোপা হাতছাড়া হলেও দেশের পতাকা দেখে ভক্তের কাছে ছুটে যাওয়া এবং পতাকায় অটোগ্রাফ দেওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মুহূর্তটিকে দেশের প্রতি তাঁর ভালোবাসার নিদর্শন হিসেবে দেখছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles