
নোরা ফাতেহি ও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুকে ঘিরে প্রেমের গুঞ্জন আবারও আলোচনায়। দুবাইয়ের এক রেডিও অনুষ্ঠানে বুনুর নাম উঠতেই হাসতে হাসতে লজ্জা পেতে দেখা যায় নোরাকে, যার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
অনুষ্ঠানে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে নোরা বলেন, বুনু তার “খুব ভালো বন্ধু”। একই সঙ্গে তিনি তাকে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক উল্লেখ করে বলেন, তার সাফল্যে তিনি সবসময় গর্বিত।
পরে উপস্থাপক মন্তব্য করেন, নোরা ও বুনুকে জুটি হিসেবে দারুণ মানাবে। এ কথা শুনে নোরা আরও বিব্রত ও লাজুক প্রতিক্রিয়া দেখান। তিনি জানান, বুনুর সঙ্গে তার অনেক দিনের পরিচয় থাকলেও কয়েক মাস আগে আবার নিয়মিত যোগাযোগ শুরু হয়েছে।
গত কয়েক মাস ধরে মরক্কোর কাসাব্লাঙ্কায় দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় এবং নোরার আফ্রিকা কাপ অব নেশনসের ম্যাচ দেখতে যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা বেড়েছে। তবে নোরা কিংবা বুনু—কেউই এখন পর্যন্ত প্রেমের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি।
মরক্কান বংশোদ্ভূত হলেও কানাডায় জন্ম ও বেড়ে ওঠা নোরা ফাতেহি ভারতীয় চলচ্চিত্রে নৃত্যশিল্পী ও অভিনেত্রী হিসেবে ব্যাপক জনপ্রিয়। বাহুবলি: দ্য বিগিনিং, সত্যমেভ জয়তে এবং স্ট্রিট ড্যান্সার থ্রিডিসহ বিভিন্ন সিনেমার গানে নৃত্য পরিবেশন করে তিনি বিশেষ পরিচিতি অর্জন করেন।

