
মিষ্টি সিংহ রায় ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁর বাসিন্দা। বাংলাদেশের সীমান্তের কাছাকাছি এলাকায় বাড়ি হওয়ায় সহকর্মীরা মজা করে তাকে ‘বাংলাদেশের মেয়ে’ বলে ডাকেন। তবে এই খুনসুটিকে তিনি স্নেহের বহিঃপ্রকাশ হিসেবেই দেখেন।
এক সাক্ষাৎকারে মিষ্টি জানান, বনগাঁর আঞ্চলিক ভাষার টান তার কথাবার্তায় রয়ে গেছে। মাঝে মাঝে সেই ভাষা ব্যবহার করলে সহকর্মীরা মজা করেন, কিন্তু এতে তিনি কখনো অপমানিত বোধ করেন না।
উচ্চমাধ্যমিকের পর পরিবারের আপত্তি সত্ত্বেও মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন মিষ্টি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও রিল প্রকাশ করে পরিচিতি পান। সম্প্রতি অডিশনের মাধ্যমে তিনি টেলিভিশন ধারাবাহিক ভালোবাসার রং রুট-এ প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান।
মিষ্টি বলেন, প্রথমবার নায়িকা হওয়ার খবর শুনে তিনি ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলেন। তবে প্রযোজকের উৎসাহে আত্মবিশ্বাস ফিরে পান।
অভিনয়জীবনের শুরুটা সহজ ছিল না বলেও জানান তিনি। মডেলিংয়ের কাজ শেষে রাত করে বাড়ি ফিরলে প্রতিবেশীদের নানা সমালোচনার মুখে পড়তে হতো। এতে তার মায়েরও কষ্ট হতো। এখন মেয়েকে টেলিভিশনের পর্দায় দেখে তার মা আবেগাপ্লুত হন।
মিষ্টির ভাষ্য, বর্তমানে বনগাঁর প্রতিবেশীরাও তার সাফল্যে আনন্দিত এবং তার অভিনয়জীবনের অগ্রযাত্রায় উৎসাহ দিচ্ছেন।

