
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরি ও অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই নারী ও দুই পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ জুলাই রাতে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় ভিডিও ধারণের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। অভিযানের সময় একজন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মামুনী আক্তার (২৪), রেজেনা খাতুন (২৮), রাকিবুল হাসান রাকিব (৩০) এবং মামুন অর রশিদ (৩০)।
পুলিশের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই বাসা ভাড়া নিয়ে পর্নোগ্রাফি তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে ব্যবসা করে আসছিলেন। এ ঘটনায় পলাতক একজনসহ পাঁচজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) জানান, গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামি এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

