ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু - the Bengali Times
নিহত সোহেলি ইসলাম

রাজধানীতে ছিনতাইকারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় রিকশা থেকে পড়ে গুরুতর আহত এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সোহেলি ইসলাম (৪২) একটি ওষুধ কোম্পানিতে মেডিক্যাল সার্ভিস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, পারিবারিক একটি অনুষ্ঠান শেষে মেয়েকে নিয়ে দিনাজপুর থেকে ঢাকায় ফিরছিলেন সোহেলি ইসলাম। গত রোববার ভোরে গাবতলী এলাকায় বাস থেকে নেমে কিছুক্ষণ অপেক্ষার পর রিকশাযোগে ধানমন্ডির বাসার উদ্দেশে রওনা হন। সকাল সোয়া ছয়টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী তাঁর হাতে প্যাঁচানো ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

- Advertisement -

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্বজনেরা জানান, মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ব্যাগটি ধরে টানাহেঁচড়া শুরু করলে একপর্যায়ে চলন্ত রিকশা থেকে ছিটকে পড়ে যান সোহেলি। এতে তাঁর ডান হাত ভেঙে যায় এবং মাথার পেছনে গুরুতর আঘাত লাগে। আঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

পরে স্থানীয় কয়েকজন ও রিকশাচালকের সহায়তায় তাঁকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

চার দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরী এলাকায় তাঁর দাফন সম্পন্ন হয়।

নিহতের স্বজনেরা জানান, ঘটনার আকস্মিকতায় পরিবার গভীর শোকাহত। সোহেলির একমাত্র মেয়ে বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীতে ছিনতাই ও সড়কে যাত্রী নিরাপত্তার বিষয়টি নিয়ে এ ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles