কনজার্ভেটিভ পার্টির রেকর্ড তহবিল সংগ্রহ

কনজার্ভেটিভ পার্টির রেকর্ড তহবিল সংগ্রহ - the Bengali Times
কনজার্ভেটিভ পার্টির ব্যয় ২০২৪ সালে সংগৃহীত তাদের রেকর্ড পরিমাণ তহবিলকে ছাড়িয়ে গেছে

কনজার্ভেটিভ পার্টির ব্যয় ২০২৪ সালে সংগৃহীত তাদের রেকর্ড পরিমাণ তহবিলকে ছাড়িয়ে গেছে। কারণ, ফেডারেল নির্বাচনের আগে বিজ্ঞাপন ও অভ্যন্তরীণ পোলিংয়ে ব্যয়ের পরিমাণ বাড়িয়েছিল।

ইলেকশন্স কানাডায় দাখিল করা নথি অনুযায়ী, টোরিরাগত বছর অনুদান হিসেবে পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। এ ছাড়া সদস্য ফি হিসেবে সংগ্রহ করেছিল আরও ৫০ লাখ ডলার। সাকল্যে ২০২৪ সালে তাদের মোট রাজস্ব দাঁড়িয়েছিল ৪ কোটি ৮৫ লাখ ডলার।

- Advertisement -

এর বিপরীতে একই সময়ে দলটি ব্যয় করেছে ৫ কোটি ডলারের কিছু বেশি। এই ব্যয় ২০২৩ সালের তুলনায় প্রায় ১ কোটি ৩০ লাখ ডলার বেশি।

এই ব্যয়ের বড় অংশ গেছে বিজ্ঞাপন বাবদ। এর মধ্যে টিভি বিজ্ঞাপনে ব্যয় করা হয়েছে ৭৮ লাখ ডলার, রেডিওতে ১৫ লাখ ডলার এবং ডিজিটাল বিজ্ঞাপনে ৭১ লাখ ডলার। এ ছাড়া ২৫ লাখ ডলার ব্যয় হয়েছে গবেষণা ও পোলিংয়ে।

সব মিলিয়ে গত বছর কনজার্ভেটিভরা বিজ্ঞাপন বাবদ খরচ করেছে প্রায় ১ কোটি ৬৫ লাখ ডলার, যা ২০২৩ সালে এ বাবদ খরচ করা পরিমাণের প্রায় দ্বিগুন।

ইলেকশন্স কানাডায় দাখিল করা নথি অনুযায়ী, ২০২৪ সালে কনজার্ভেটিভরা ভ্রমণ ও আতিথেয়তা বাবদ খরচ করেছে ১৫ লাখ ডলার। এ ছাড়া তহবিল সংগ্রহের কাজে ব্যয় করেছে ৮০ লাখ ডলারের বেশি।

দলের যোগোযোগ বিষয়ক পরিচালক সারাহ ফিশার এক ইমেইলে বলেছেন, বছর শেষে দলের ব্যাংকে জমা অর্থের পরিমাণ ছিল এক কোটি ৬০ লাখ ডলারের মতো। এ ছাড়া মোট সম্পদের পরিমাণ ৯০ লাখ ডলারের কিছু বেশি। ২০২৪ সালে দল সংগৃহীত তহবিলের চেয়ে কিছুটা বেশি খরচ করেছে।

একমাত্র কনজার্ভেটিভ পার্টিই ঘোষিত সময়সীমার মধ্যে বার্ষিক আর্থিক বিবরণী ইলেকশন্স কানাডায় জমা দিয়েছে। বাকি সব দল বর্ধিত সময় চেয়ে নিয়েছে।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles