দায়িত্ব ছাড়লেন কানাডার শীর্ষ চিকিৎসক

দায়িত্ব ছাড়লেন কানাডার শীর্ষ চিকিৎসক - the Bengali Times
দায়িত্ব ছাড়লেন কানাডার শীর্ষ চিকিৎসক ডা টেরিসা ট্যাম

দায়িত্ব ছাড়লেন কানাডার শীর্ষ চিকিৎসক ডা. টেরিসা ট্যাম। তিনি বলেন, বিজ্ঞানের পক্ষে এবং ভুয়া তথ্যের বিরুদ্ধে লড়াই কানাডার জন্য এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

আট বছর তিনি কানাডা জনস্বাস্থ্য বিভাগের নেতৃত্ব দিয়েছেন। কিন্তু গত পাঁচ বছর তিনি কানাডার প্রত্যেক ঘরে প্রিয় নাম হয়ে ওঠেন। এই স্বীকৃতি কোভিড-১৯ মহামারির সময় কানাডার জনস্বাস্থ্য কার্যক্রমের নেতৃত্ব দেওয়ার কারণে।

- Advertisement -

২০ জুন তার দায়িত্বের মেয়াদ শেষ হয় এবং তিনি আর কোনো চাকরি গ্রহণ করেননি। শুক্রবার এক বিস্তারিত সাক্ষাৎকারে ট্যাম কোভিডের বাইরেও স্মরণীয় হয়ে থাকার আকাক্সক্ষা, স্বাস্থ্য ন্যায্যতার প্রতি তার অঙ্গীকারের কথা তুলে ধরেন।

তার সামনে কী অপেক্ষা করছে? এই প্রশ্নের উত্তরে ট্যাম বলেন, কৌশলগত পরিকল্পনা গ্রহণের জন্য সে ব্যাপারে ভাবার জন্য কিছুটা সময় প্রয়োজন। যাতে করে আমার সামনে থাকা সুযোগগুলো আমি বিবেচনা করে দেখতে পারি। তবে সেটা হতে হবে উদ্দেশ্যমূলক। এ ছাড়া আমি আমার পরিবারের সঙ্গে কিছুটা সময় নিতে চাই। তাদের দিকে কিছুটা বেশি মনোযোগ দিতে চাই।

কর্মক্ষেত্রের সবার অভাব বোধ করলেও তার কিছু শখের পেছনে ছুটতে চান বলে জানিয়েছেন ট্যাম। এগুলো হচ্ছে লম্বা দৌড় ও গান। তিনি বলেন, আমি একজন সংগীত শিল্পী এবং সেদিকে খুব একটা মনোযোগ দিতে পারিনি। তিনি পিয়ানো, বেহালা, সেলো ও ট্রাম্পিট বাজাতে পারেন।

তিনি বলেন, ক্যারিয়ারের একটা পর্যায়ে এসে আমি এর সবকিছুই ছেড়ে দিয়েছি। কিন্তু মহামারির সময়ে তার সাংগীতিক ব্যাকগ্রাউন্ড মনের মধ্যে রেখে দিয়েছিলেন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় আমার সংগীত চিন্তার অনেক কিছু কাজে লাগিয়েছি। সুতরাং, নিজেকে আমি সবসময়ই অর্কেস্ট্রার কন্ডাক্টর ভাবি।

শিশু সংক্রামক রোগের প্রশিক্ষণপ্রাপ্ত ট্যাম ১৯৯৮ সালে মাঠ পর্যায়ের এপিডেমিওলজিস্ট হিসেবে ফেডারেল সরকারের জনস্বাস্থ্য টিমে যোগ দেন। শেষ পর্যন্ত তিনি উপ-প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা পদে উন্নীত হন এবং সর্বশেষ ২০১৭ সালে প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব পান।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles