
ভোটারদের মন জয় করতে নির্বাচনের আগে গ্রামের বিভিন্ন সড়কে লাগানো হয়েছিল প্রায় ৫০টি এলইডি বাতি। কিন্তু নির্বাচনে প্রত্যাশিত জয় না আসতেই শুরু হয় উল্টো কাণ্ড। একে একে খুলে নেওয়া হচ্ছে সেই বাতিগুলো। ভোটে হেরে রাজনৈতিক প্রতিশোধ নিতেই এমন ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।
চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানের টংক জেলার নিওয়াই বিধানসভার পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের রণোলি গ্রাম পঞ্চায়েতে।
স্থানীয়দের অভিযোগ, নিওয়াই আসনের বিজেপি বিধায়ক রাম সহায় বর্মার ব্যক্তিগত সহকারী আলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের আগে ভোটারদের আকৃষ্ট করতে কুমাড়োঁ কি ধানি, বেগমপুরা, হানিফগঞ্জ ও বিজলপুরা—এই চার গ্রামের বিভিন্ন বৈদ্যুতিক খুঁটিতে প্রায় ৫০টি এলইডি সড়কবাতি স্থাপন করা হয়। গ্রামবাসীদের দাবি, আলোক শর্মার প্রভাব ও নির্দেশেই এসব বাতি লাগানো হয়েছিল।
কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায়, প্রিয়াঙ্কা শর্মা পরাজিত হয়েছেন। এরপরই গ্রামগুলো থেকে বাতি খুলে নেওয়ার উদ্যোগ শুরু হয়। গ্রামবাসীদের অভিযোগ, ভোটে হেরে যাওয়ার ক্ষোভ থেকেই রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে বাতিগুলো সরিয়ে নেওয়া হচ্ছে।
খবর পেয়ে জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগমের ত্রুটি মেরামতকারী দল গ্রামে গিয়ে বাতি খুলতে শুরু করে। স্থানীয়দের বাধার মুখেও কুমাড়োঁ কি ধানি গ্রামের অন্তত ১০টি বৈদ্যুতিক খুঁটি থেকে বাতি খুলে নেওয়া হয়। তবে বাকি প্রায় ৪০টি বাতি সরানো সম্ভব হয়নি। নবনির্বাচিত সরপঞ্চরা নিজেদের তহবিল থেকে বিদ্যুৎ বিল পরিশোধের আশ্বাস দেওয়ায় আপাতত সেগুলো রক্ষা পেয়েছে।
স্থানীয় বিদ্যুৎ বোর্ডের নির্বাহী প্রকৌশলী ডি আর মীনা জানান, ত্রুটি মেরামতের জন্য গ্রামে গিয়ে বিদ্যুৎ বিভাগের কর্মীরা খুঁটিতে অবৈধ সংযোগের মাধ্যমে সড়কবাতি জ্বলতে দেখেন। পরে তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় সেগুলো অপসারণের উদ্যোগ নেওয়া হয়। কীভাবে এবং কার অনুমতিতে এসব সংযোগ দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বোর্ড।
তবে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক রাম সহায় বর্মা। তাঁর দাবি, দীপাবলি উৎসব উপলক্ষে প্রার্থীরা নিজেদের উদ্যোগেই এসব বাতি স্থাপন করেছিলেন।
নির্বাচনে হারার পর সত্যিই প্রতিশোধ নিতে বাতি খুলে নেওয়া হয়েছে, নাকি অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে নিয়মিত পদক্ষেপ—তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তদন্তের ফলেই বিষয়টি স্পষ্ট হবে।

