
শীতের দিনে কম্বল গায়ে দেওয়া নিয়ে অনেক পরিবারেই দেখা যায় ভিন্ন চিত্র। পুরুষের কাছে যে ঘরের তাপমাত্রা আরামদায়ক, নারীর কাছে সেটিই অনেক সময় অসহনীয় ঠাণ্ডা মনে হয়। অফিসের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা নিয়েও নারী-পুরুষের মধ্যে প্রায়ই মতবিরোধ দেখা যায়। কিন্তু পুরুষের তুলনায় নারীরা কি সত্যিই বেশি শীত অনুভব করেন? এর পেছনে রয়েছে শরীরের গঠন, বিপাকীয় হার ও হরমোনের বৈজ্ঞানিক ব্যাখ্যা।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পুরুষদের তুলনায় নারীরা সাধারণত ঘরের তাপমাত্রা কিছুটা বেশি পছন্দ করেন। এর পেছনে বেশ কয়েকটি শারীরবৃত্তীয় কারণ রয়েছে।
শরীরের গঠনেও রয়েছে পার্থক্য
একই ওজনের নারী ও পুরুষের মধ্যে সাধারণত নারীদের পেশির পরিমাণ কম থাকে। অথচ শরীরে তাপ উৎপাদনের অন্যতম উৎস হলো পেশি। ফলে পেশির পরিমাণ কম হলে শরীরের তাপ উৎপাদনের ক্ষমতাও তুলনামূলক কম হতে পারে।
এ ছাড়া নারীদের ত্বক ও পেশির মধ্যবর্তী স্থানে সাধারণত চর্বির পরিমাণ বেশি থাকে। এতে ত্বক রক্তনালি থেকে কিছুটা দূরে অবস্থান করে। ফলে শরীরের বাইরের অংশের তাপমাত্রা কম অনুভূত হতে পারে।
নারীদের বিপাকীয় হার বা মেটাবলিক রেটও সাধারণত পুরুষদের তুলনায় কম। ফলে বিশ্রামরত অবস্থায় শরীরে তাপ উৎপাদনের পরিমাণ তুলনামূলক কম হতে পারে। এসব কারণে ঠাণ্ডা পরিবেশে নারীদের শীত বেশি লাগার প্রবণতা দেখা যায়।
শীত অনুভবের পেছনে হরমোনের ভূমিকা
নারীদের শরীরে থাকা ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা এবং ত্বকের তাপমাত্রায় প্রভাব ফেলে।
ইস্ট্রোজেন শরীরের বিভিন্ন প্রান্তের রক্তনালির প্রসারণে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, প্রোজেস্টেরন ত্বকের রক্তনালিকে সংকুচিত করতে ভূমিকা রাখে। এর ফলে হাত-পা ও শরীরের বাইরের অংশে রক্তপ্রবাহ কমে যেতে পারে। শরীর তখন গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গগুলোর উষ্ণতা ধরে রাখতে বেশি গুরুত্ব দেয়। ফলে হাত-পা তুলনামূলক ঠাণ্ডা অনুভূত হয়।
মাসিক চক্রের বিভিন্ন পর্যায়ে হরমোনের মাত্রা পরিবর্তিত হয়। বিশেষ করে ডিম্বস্ফোটনের পর প্রোজেস্টেরনের মাত্রা বাড়ে। এ সময় নারীদের শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রাও কিছুটা বেড়ে যায়। ফলে বাইরের তাপমাত্রার পরিবর্তন অনুভবের ক্ষেত্রেও পার্থক্য দেখা দিতে পারে।
গবেষণায় দেখা গেছে, নারীদের হাত, পা ও কানের তাপমাত্রা পুরুষদের তুলনায় প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম হতে পারে। তবে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা অনেক ক্ষেত্রে পুরুষদের তুলনায় বেশি থাকে।
প্রাণিজগতেও রয়েছে একই প্রবণতা
নারী ও পুরুষের তাপমাত্রা পছন্দের এই পার্থক্য শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন প্রজাতির পাখি ও স্তন্যপায়ী প্রাণীর মধ্যেও এমন প্রবণতা দেখা গেছে।
গবেষণায় দেখা যায়, অনেক প্রজাতির পুরুষ প্রাণী তুলনামূলক ঠাণ্ডা ও ছায়াযুক্ত স্থান পছন্দ করে। অন্যদিকে, স্ত্রী প্রাণী ও তাদের বাচ্চারা উষ্ণ জায়গায় থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।
বাদুড়ের মধ্যেও এমন পার্থক্য লক্ষ করা গেছে। পুরুষ বাদুড় পাহাড়ের উঁচু ও ঠাণ্ডা এলাকায় বিশ্রাম নিতে পছন্দ করে। অন্যদিকে, স্ত্রী বাদুড় তুলনামূলক উষ্ণ উপত্যকায় অবস্থান করে।
বিজ্ঞানীদের ধারণা, স্ত্রী প্রাণীদের উষ্ণ পরিবেশ পছন্দ করার প্রবণতা বিবর্তনীয় অভিযোজনের অংশ হতে পারে। বিশেষ করে যেসব প্রাণীর বাচ্চারা জন্মের পর নিজের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের উষ্ণ পরিবেশে রাখা বেঁচে থাকার জন্য সহায়ক হতে পারে।
একই ঘরে থেকেও স্বস্তিতে থাকার উপায়
নারী ও পুরুষের শীত অনুভবের পার্থক্য থাকলেও একই ঘরে দুজনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা অসম্ভব নয়। এ ক্ষেত্রে ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা কার্যকর হতে পারে।
দম্পতিদের জন্য জনপ্রিয় একটি পদ্ধতি হলো ‘স্ক্যান্ডিনেভিয়ান স্লিপ মেথড’। এতে একই বিছানায় ঘুমালেও দুজন আলাদা কম্বল ব্যবহার করেন। ফলে একজনের বেশি গরম লাগলেও অন্যজন নিজের প্রয়োজন অনুযায়ী উষ্ণতা বজায় রাখতে পারেন।
কর্মক্ষেত্রেও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ব্যবহার করা যেতে পারে ‘পার্সোনাল কমফোর্ট সিস্টেম’। ডেস্কে ছোট পাখা, গরম রাখার ব্যবস্থা থাকা চেয়ার, কম্বল কিংবা পা গরম রাখার যন্ত্র এ ব্যবস্থার উদাহরণ।
এতে পুরো ঘরের তাপমাত্রা পরিবর্তন না করেই প্রত্যেকে নিজের প্রয়োজন অনুযায়ী স্বস্তিতে থাকতে পারেন। একই সঙ্গে জ্বালানি সাশ্রয়ও সম্ভব।
অর্থাৎ, নারীদের বেশি শীত লাগার বিষয়টি নিছক ধারণা নয়। শরীরের গঠন, পেশির পরিমাণ, বিপাকীয় হার ও হরমোনের সম্মিলিত প্রভাবেই নারী-পুরুষের শীত অনুভবের মধ্যে পার্থক্য তৈরি হতে পারে।

