
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দলটির নেতাকর্মীদের উদ্দেশে কঠোর ও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘তোদের খুনি হাসিনা ফিরবে না। না মানে না। গণহত্যাকারীদের রাজনৈতিক পুনরুত্থান হবে না।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।
পোস্টে আবিদুল ইসলাম খান দাবি করেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাষ্ট্র আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকলেও শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছিলেন। বর্তমানে জনগণ ক্ষমতায় রয়েছে উল্লেখ করে তিনি লেখেন, জনগণ চাইলে একদিনেই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ধুলোয় মিশিয়ে দিতে পারে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশব্যাপী কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ছাত্রদলের এই নেতা বলেন, এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে। আর কোনো ছাড় দেওয়া হবে না।
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তিনি আরও লেখেন, বিএনপি সাংগঠনিক শক্তি প্রদর্শনে সব সময় প্রস্তুত রয়েছে। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘ওয়েট অ্যান্ড সি!’

