
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পোস্টের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। দুই মাসের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মেঘনা আলম লেখেন, ‘২ মাসের জন্য আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন। আসিফের ওপর ভরসা না থাকলেও, এক্ষেত্রে দেশের মানুষের আমার ওপর ভরসা আছে!’
এর আগে একই দিন বিকেলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে তিনি লেখেন, ‘না পারলে দুই সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
পরে আরেকটি পোস্টে রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় নিজের বিকল্প হিসেবে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার নামও প্রস্তাব করেন আসিফ।
আসিফের ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে পোস্ট দেন মেঘনা আলম। বিভিন্ন সময়ে সমসাময়িক নানা ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করে আলোচনায় আসা এই মডেল-অভিনেত্রীর নতুন পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

