
সন্তান না হওয়ায় ভেঙে গেছে সাত বছরের সংসার। স্বামীর পা জড়িয়ে ধরেও শেষ পর্যন্ত সংসার রক্ষা করতে পারেননি বরিশালের হিজলা উপজেলার জান্নাতুল ইতি আক্তার। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশ থেকে তাঁর কাছে এসেছে তিন শতাধিক বিয়ের প্রস্তাব। তবে নতুন করে সংসার পাতার কথা ভাবছেন না তিনি। আপাতত নিজের পায়ে দাঁড়ানোই তাঁর একমাত্র লক্ষ্য।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের রিকিম আলী সরদারের মেয়ে ইতির সঙ্গে মেহেন্দীগঞ্জের বাবনেরচর গ্রামের পোশাকশ্রমিক রনি খানের বিয়ে হয়। বিয়ের পর সন্তান না হওয়াকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন ইতি ও তাঁর পরিবার। একপর্যায়ে তাঁকে বাড়ি থেকেও বের করে দেওয়া হয়।
পরিবারের ভাষ্য, চিকিৎসকেরা আইভিএফ পদ্ধতিতে চিকিৎসার পরামর্শ দিলে ইতির বাবা জমি বিক্রি, বন্ধক ও ঋণ করে সেই ব্যয় বহনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু স্বামী রনি খান তাতে রাজি হননি।
গত ৭ নভেম্বর রাতে মাসকাটা গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের উপস্থিতিতে সালিস বৈঠক বসে। সেখানে স্বামীর পা জড়িয়ে ধরে সংসার না ভাঙার আকুতি জানান ইতি। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থেকে বিবাহবিচ্ছেদ কার্যকর করেন রনি খান।
সালিসের ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়। এরপর ইতির প্রতি সহানুভূতি জানিয়ে অনেকে যোগাযোগ করেন। ইতির ভাই জুলহাস সরদার জানান, ৯ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে ফেসবুক, মুঠোফোন ও সরাসরি যোগাযোগের মাধ্যমে তাঁদের পরিবারের কাছে তিন শতাধিক বিয়ের প্রস্তাব এসেছে।
এদিকে রনি খান আবার ইতিকে ফিরিয়ে নিয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়লেও তা ভিত্তিহীন বলে জানিয়েছে ইতির পরিবার।
নিজের বর্তমান মানসিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইতি বলেন, ‘আমি এখন মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছি। তাই বিয়ে নিয়ে এখন আর কোনো কথা বলতে বা এই দিকে এগোতে চাচ্ছি না। সবার কাছে আমার একটাই অনুরোধ—আমার সঙ্গে যা হয়েছে, তা যেন আর কোনো নারীর সঙ্গে না ঘটে।’
তিনি আরও জানান, ভবিষ্যতে জীবনসঙ্গী নির্বাচনের সুযোগ এলে এমন কাউকে বেছে নিতে চান, যিনি তাঁর পরিস্থিতি বুঝবেন এবং মানসিক চাপ সৃষ্টি করবেন না। তবে আপাতত নতুন সংসার নয়, নিজের পায়ে দাঁড়ানো এবং আত্মনির্ভরশীল হওয়াই তাঁর অগ্রাধিকার।
ইতির বাবা রিকিম আলী সরদার বলেন, মেয়ের সুখের আশায় জমি বন্ধক রেখে ও কৃষিঋণ নিয়ে জামাতার সংসারে সাধ্যমতো সহায়তা করেছেন। এরপরও সংসার ভেঙে যাওয়ায় তাঁরা হতাশ। তবে মেয়ের ভবিষ্যৎ জীবনের সিদ্ধান্তে তাঁর মতামতকেই প্রাধান্য দেবে পরিবার।

