
রাতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পুলিশের চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করেছিলেন এক তরুণী। পুলিশের থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তাঁর। ধাওয়া করে আটক করার পর তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকু উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক তরুণীর নাম স্মৃতি ইসলাম হাওয়া (২৯)। তিনি রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহলের অংশ হিসেবে ঝুরঝুরি বাজার এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা স্মৃতি ইসলাম হাওয়াকে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা। কিন্তু তিনি না থেমে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে।
আটকের পর স্থানীয়দের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করা হয়। এ সময় দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকু উদ্ধার করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইয়াবা ও চাকুসহ এক নারীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাঁকে আদালতে পাঠানো হবে।

