
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ক্রমেই অস্বস্তিতে পড়ছে ভারত সরকার। বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা সফল না হওয়ায় নতুন করে ভাবছে দিল্লি। এখন শেখ হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াকেই একমাত্র বাস্তবসম্মত বিকল্প হিসেবে বিবেচনা করছে দেশটি। এ ক্ষেত্রে তার নিরাপদ প্রত্যাবর্তন ও নতুন করে বিচারপ্রক্রিয়ার নিশ্চয়তা নিয়ে ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালাচ্ছে ভারত।
বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারত সরকারের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। শুধু বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, আন্তর্জাতিক অঙ্গনেও এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দিল্লিকে। গণহত্যার অভিযোগে দণ্ডিত একজন সাবেক প্রধানমন্ত্রীকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ার বিষয়টি ভারতের জন্য কূটনৈতিক চাপ তৈরি করেছে।
ভারতের কাছে সবচেয়ে ভালো সমাধান হতে পারত হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো। এ নিয়ে অতীতে বিভিন্ন দেশের সঙ্গে দিল্লির আলোচনা হলেও নানা কারণে তা সফল হয়নি। ফলে এখন বাংলাদেশে তার প্রত্যাবর্তন নিয়েই ভাবছে ভারত।
হাসিনার ফেরার ক্ষেত্রে ভারতের দুই শর্ত
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে ভারতের প্রধানত দুটি শর্ত রয়েছে।
প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে হবে দেশটির সেনাবাহিনীকে। ২০২৪ সালের আগস্টে তিনি বাংলাদেশ সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে ভারতে পৌঁছেছিলেন। তাই তাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও বাংলাদেশের সামরিক বাহিনীর হাতে থাকা উচিত বলে মনে করছে দিল্লি।
এ ক্ষেত্রে আকাশপথ কিংবা স্থলপথ—দুই ধরনের ব্যবস্থাই বিবেচনায় রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সামরিক উড়োজাহাজ পাঠিয়ে দিল্লি থেকে তাকে নিয়ে যেতে পারে। বিকল্প হিসেবে স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট স্থানেও তাকে গ্রহণ করা সম্ভব। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষঙ্গিক সহযোগিতা দিতে ভারত প্রস্তুত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় শর্তটি আরও গুরুত্বপূর্ণ। ভারত চায়, বাংলাদেশে ফিরে শেখ হাসিনা যেন তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু হয়।
তবে বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ উঠুক, সেটি চায় না দিল্লি। এ কারণে বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতেও সতর্ক ভারত সরকার।
মৃত্যুদণ্ড কার্যকরের জন্য হাসিনাকে তুলে দিতে চায় না ভারত
বিবিসির প্রতিবেদনে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বক্তব্য তুলে ধরা হয়েছে। ওই কর্মকর্তা বলেন, শেখ হাসিনাকে জেনেশুনে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য বাংলাদেশের হাতে তুলে দিতে পারে না ভারত। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটিই নিশ্চিত করতে চায় দিল্লি।
ভারত আরও চায়, শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের পর্যবেক্ষণের মধ্যে থাকুক।
আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও ভাবনা দিল্লির
শেখ হাসিনার প্রত্যাবর্তনের সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎও জড়িয়ে আছে বলে মনে করছেন দিল্লির নীতিনির্ধারকেরা। ভারতের দীর্ঘদিনের মিত্র দল আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতে হলে শেখ হাসিনার দেশে ফেরা ছাড়া অন্য কোনো কার্যকর বিকল্প নেই বলেও মনে করছে ভারত।
প্রতিবেদনে বলা হয়, এই দুই শর্তের ভিত্তিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি করতে গত কয়েক মাস ধরেই বাংলাদেশের সঙ্গে আড়ালে আলোচনা চালাচ্ছে দিল্লি।
পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নিয়ে নতুন আলোচনা
এদিকে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর স্থগিত করে।
সম্প্রতি লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাঠানো এক চিঠিতে দাবি করেছে, বাংলাদেশের নাগরিক হিসেবে এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিল অনুযায়ী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকার রয়েছে।
সব মিলিয়ে শেখ হাসিনার ভারতে অবস্থান, সম্ভাব্য প্রত্যাবর্তন, বিচারপ্রক্রিয়া এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ—সবকিছু মিলিয়ে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। তবে ভারতের প্রস্তাবিত শর্তগুলো নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কী অবস্থান নেওয়া হবে, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। – বিবিসির প্রতিবেদন

