
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয় বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান। তবে বর্তমান সরকার তাকে দেশে ফিরতে দিচ্ছে না।
‘নিউ এইজ’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার প্রচারিত একটি ইউটিউব পডকাস্টে জি এম কাদের শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের বিষয়টি স্বীকার করেন।
পডকাস্টে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘শেখ হাসিনার সঙ্গে আমার কথা হয়। মাঝেমধ্যে আমাদের কথা হয়। তিনি সবার সঙ্গেই কথা বলছেন।’
ওই ভিডিও ক্লিপের সত্যতা নিশ্চিত করেছেন জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী লায়েস আহমেদ।
পডকাস্টে জি এম কাদের আরও বলেন, শেখ হাসিনা তাকে জানিয়েছেন, তিনি দেশে ফিরতে চান। তবে বাংলাদেশ সরকার তাকে ফিরতে দিচ্ছে না। তার ভাষ্য, সরকার শেখ হাসিনার জনপ্রিয়তাকে ভয় পায়।
এদিকে জাতীয় পার্টি নিয়মিত রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না বলেও অভিযোগ করেছেন জি এম কাদের। তিনি দাবি করেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি পালন করতে গেলে দলটির নেতাকর্মীদের পুলিশ হুমকি দিয়েছে।
জি এম কাদের বলেন, জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের কার্যালয় থেকে বের না হওয়ার জন্য সতর্ক করে। এমনকি কার্যালয় থেকে বের হলে হামলার শিকার হতে পারেন বলেও পুলিশ তাদের সতর্ক করেছে বলে অভিযোগ করেন তিনি।

