নানা পাটেকরকে নিয়ে তনুশ্রীর কটাক্ষ

নানা পাটেকরকে নিয়ে তনুশ্রীর কটাক্ষ - the Bengali Times
বলিউড অভিনেত্রী তনুশ্রী ও প্রয়াত অভিনেতা নানা পাটেকর ছবি সংগৃহীত

বলিউড অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে যখন শোক আর শ্রদ্ধায় স্মরণ করছেন সহকর্মী ও ভক্তরা, তখন ভিন্ন সুরে কথা বলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। প্রয়াত অভিনেতাকে ‘শয়তান’ আখ্যা দিয়ে কটাক্ষ করায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার শুটিংয়ের সময় নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন তনুশ্রী। তার সেই অভিযোগকে কেন্দ্র করেই ২০১৮ সালে ভারতে #মি টু আন্দোলন নতুন করে ব্যাপক আলোচনায় আসে।

- Advertisement -

নানা পাটেকরের মৃত্যুর পর যখন তাকে বলিউডের কিংবদন্তি অভিনেতা হিসেবে স্মরণ করা হচ্ছে, তখন পুরোনো অভিযোগ নিয়ে আবারও সরব হন তনুশ্রী। একটি অনুষ্ঠানে যোগ দিতে বিমানবন্দরে যাওয়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তিনি নানা পাটেকরকে কটাক্ষ করে মন্তব্য করেন।

তনুশ্রী বলেন, সংবাদমাধ্যম ‘শয়তানের মৃত্যু’ নিয়ে ব্যস্ত। একই সঙ্গে প্রয়াত অভিনেতার পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

তার এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। সমালোচনার মুখে থেমে না গিয়ে পরে তনুশ্রী প্রশ্ন তোলেন—কেউ মারা গেলেই কি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং ভুক্তভোগীর দীর্ঘদিনের যন্ত্রণা মুছে যায়?

তনুশ্রীর দাবি, ২০০৮ সালের ঘটনার পর তাকে দীর্ঘ সময় মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। ২০১৯ সালে মুম্বাই পুলিশ পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় নানা পাটেকরের বিরুদ্ধে করা মামলায় ‘বি-সামারি’ প্রতিবেদন দাখিল করে। তবে তনুশ্রী দাবি করেন, প্রভাব খাটিয়ে এবং সাক্ষীদের ভয় দেখিয়ে মামলাটি বন্ধ করা হয়েছিল। তার ভাষ্য, এতে নানা পাটেকরকে আদালত নির্দোষ ঘোষণা করেছে—এমনটি নয়।

এ ছাড়া ২০২০ সালের পর নানা পাটেকরের মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তনুশ্রী। এসব অভিযোগ ও দীর্ঘদিনের ক্ষোভ থেকেই প্রয়াত অভিনেতাকে ‘শয়তান’ ও ‘মহাশয়তান’ বলে আক্রমণ করেছেন বলে জানান তিনি।

তবে তনুশ্রীর এমন বক্তব্যের বিরোধিতা করেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তের মতে, কারও মৃত্যুর পর তাকে ‘শয়তান’ বলে আক্রমণ করা অত্যন্ত আপত্তিকর, অসংবেদনশীল ও লজ্জাজনক।

নানা পাটেকরের মৃত্যু ঘিরে যখন বলিউডে স্মৃতি ও শ্রদ্ধার বার্তা ভেসে বেড়াচ্ছে, তখন তনুশ্রীর এই মন্তব্য পুরোনো সেই বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles