
গাঢ় নীল পোশাকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ফের মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করতেই তার রূপ, চোখের চাহনি আর সাজ নিয়ে প্রশংসায় ভাসছেন ভক্তরা।
ছবিগুলোতে গাঢ় নীল পোশাকে দেখা গেছে জয়া আহসানকে। নীলের আবেশে তোলা প্রতিটি ছবিতেই তার চোখের চাহনি আলাদা করে নজর কেড়েছে। ছবি প্রকাশের পর অনেকেই অভিনেত্রীর চিরতরুণ সৌন্দর্যের প্রশংসা করেছেন।
ছবির সঙ্গে জয়া লিখেছেন, ‘নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’ এরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসার বন্যা বয়ে যায়।
এক ভক্ত লিখেছেন, ছোটবেলায় জয়া আহসানকে যেমন দেখেছেন, এখনও নাকি তেমনই লাগে। আরেকজন মজা করে লিখেছেন, ‘হেব্বি লাগছে।’ কেউ কেউ আবার তার সৌন্দর্যের পাশাপাশি নীল পোশাকে অভিনেত্রীর পুরো আবহেরও প্রশংসা করেছেন।
এক ভক্তের ভাষায়, ‘নীলটা আপনার ওপর যতটা সুন্দর, তার চেয়েও সুন্দর আপনার মুড, পুরো আবহটাই একদম নিজের মতো।’ আরেকজন লিখেছেন, ‘দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’
বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করা জয়া আহসান পরবর্তী সময়ে কলকাতার চলচ্চিত্রেও শক্ত অবস্থান তৈরি করেন। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় ও কাজের ক্ষেত্রে বাছাইয়ের কারণে দুই বাংলার দর্শকের কাছেই তিনি হয়ে উঠেছেন পরিচিত ও প্রশংসিত মুখ।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সরব এই অভিনেত্রী। কাজের নানা মুহূর্তের পাশাপাশি নিজের ছবি শেয়ার করেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি খোলামেলা না হলেও জয়ার নতুন কোনো ছবি প্রকাশ পেলেই তা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা। গাঢ় নীল পোশাকে এবারের ছবিগুলোও তার ব্যতিক্রম নয়।

