
ভালোবাসা শুধু মনে রাখলেই হয় না, তা প্রকাশও করতে হয়—এমনটাই বিশ্বাস করেন দক্ষিণী তারকা রশ্মিকা মান্দানা। সম্পর্ক যত পুরোনোই হোক, প্রতিদিনের ছোট ছোট ভালোবাসার প্রকাশই দাম্পত্যকে আরও মজবুত করে বলে মনে করেন তিনি।
সম্প্রতি প্রখর গুপ্তর পডকাস্টে একসঙ্গে হাজির হয়ে দাম্পত্য ও ভালোবাসা নিয়ে খোলামেলা কথা বলেন বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা। সেখানেই বিজয় মজার ছলে জানান, রশ্মিকা তাকে দিনে অন্তত ১০ থেকে ১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন।
শুধু নিজেই ভালোবাসার কথা বলেন না রশ্মিকা, বিজয়কেও নিয়মিত নিজের অনুভূতি প্রকাশ করতে মনে করিয়ে দেন। বিজয়ের ভাষ্য, আগে তার মনে হতো—সঙ্গী যখন জানেন যে তাকে ভালোবাসা হয়, তখন বারবার মুখে বলার প্রয়োজন কী? কিন্তু রশ্মিকা তাকে বুঝিয়েছেন, অনুভূতি মনে রাখার পাশাপাশি তা প্রকাশ করাও গুরুত্বপূর্ণ।
বিজয়ের মতে, প্রতিদিনের ব্যস্ততায় মানুষ অনেক সময় সম্পর্কের সহজ অথচ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভুলে যান। তাই ভালোবাসার প্রকাশ নিয়মিত চর্চা করলে সম্পর্ক আরও উষ্ণ ও সুন্দর থাকে।
রশ্মিকার বিশ্বাস, বিয়ের পর ভালোবাসা কেবল অভ্যাসে পরিণত হয়ে যাওয়া উচিত নয়। সময় যতই গড়াক, প্রিয় মানুষটিকে ভালোবাসার কথা বলা এবং অনুভূতি প্রকাশ করে যাওয়াই সম্পর্ককে জীবন্ত রাখে।

