ট্রাম্পের নতুন প্রেস সহকারীকে ঘিরে তোলপাড়, পুরোনো ছবি নিয়ে বিতর্ক

ট্রাম্পের নতুন প্রেস সহকারীকে ঘিরে তোলপাড়, পুরোনো ছবি নিয়ে বিতর্ক - the Bengali Times
বেনি রে হারমনি

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনে নতুন দায়িত্ব পাওয়ার পরই আলোচনায় এসেছেন ২৪ বছর বয়সী বেনি রে হারমনি। সহকারী প্রেস সচিব ও মুখপাত্র হিসেবে যোগ দেওয়ার পর তার কয়েক বছর আগের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। তবে হারমনির নিয়োগে কোনো সমস্যা দেখছে না হোয়াইট হাউজ।

২০২১ সালের নভেম্বরের ওই ছবিতে হারমনিকে একটি রাইফেল হাতে ‘ফাক জো বাইডেন’ লেখা টি-শার্ট পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটি তখন উগ্র ডানপন্থি রিপাবলিকান নেতা জেরোম বেল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। সেখানে হারমনিকে নিজের প্রচার শিবিরের জনসংযোগ পরিচালক হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি।

- Advertisement -

পরে হারমনি একই পোশাক ও একই স্থানে তোলা আরেকটি ছবি প্রকাশ করে পরোক্ষভাবে আগের ছবিটির সত্যতা নিশ্চিত করেন। ছবিতে তার সঙ্গে থাকা এক বয়স্ক ব্যক্তির পরিচয় নিয়ে প্রশ্ন করা হলে হারমনি তাকে ‘আংকেল’ বলে জবাব দেন।

ট্রাম্প সমর্থকদের মধ্যে জনপ্রিয় ওই স্লোগানটি তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনকে লক্ষ্য করে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। তবে পুরোনো ছবিটি নিয়ে হারমনি নিজে কোনো মন্তব্য করেননি।

সমালোচনার মুখে হারমনির পাশে দাঁড়িয়েছে হোয়াইট হাউজ। ডেপুটি প্রেস সচিব অ্যানা কেলি তাকে ট্রাম্পের ‘মাগা’ আন্দোলনের বিশ্বস্ত কণ্ঠস্বর হিসেবে উল্লেখ করে বলেন, প্রেসিডেন্টের যোগাযোগ দলে হারমনি ‘চমৎকার ও যোগ্য সংযোজন’ হবেন।

হারমনি এর আগে ডানপন্থি গণমাধ্যম ‘রিয়েল আমেরিকা’স ভয়েস’-এর হোয়াইট হাউজ প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। তার কর্মজীবনে ডানপন্থি সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’-এর উপস্থাপক জ্যাক পোসোবিয়েকের প্রযোজক এবং রিপাবলিকান কংগ্রেস সদস্য পল গোসার ও সাবেক কংগ্রেস সদস্য ম্যাট গেটজের প্রেস সহযোগী হিসেবেও দায়িত্ব পালনের তথ্য রয়েছে।

এদিকে হারমনির নিয়োগের সময় ট্রাম্প প্রশাসনের গণমাধ্যম নীতি নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। সমালোচকদের অভিযোগ, প্রশাসন সমালোচনামূলক সংবাদমাধ্যমকে সীমিত করে ট্রাম্পপন্থি সাংবাদিকদের বেশি সুযোগ দিচ্ছে।

এর মধ্যেই গত মাসে ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের আলাপের সময় হারমনির করা কিছু প্রশ্ন নিয়েও বিতর্ক সৃষ্টি হয়। সমালোচকদের দাবি, প্রশ্নগুলো আগে থেকেই সাজানো হতে পারে। এমনকি ট্রাম্পের হাতে থাকা একটি কাগজে হারমনির নাম দেখা যাওয়ায় সেটি তার জীবনবৃত্তান্ত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে নতুন দায়িত্বে যোগ দেওয়ার পর থেকেই পুরোনো ছবি, রাজনৈতিক অবস্থান ও গণমাধ্যমে তার ভূমিকা—সবকিছু মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বেনি রে হারমনি।

- Advertisement -

Related Articles

Latest Articles