
নীলফামারীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোস্তাকিম বিল্লাহ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
রোববার (৪ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় এসআরবি-১৩। গ্রেপ্তার মোস্তাকিম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই কলেজছাত্রীর সঙ্গে মোস্তাকিমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ২০ জুন তাকে নীলফামারী শহরের উদয়ন পার্কে ঘুরতে নিয়ে যান মোস্তাকিম। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
পরে মোস্তাকিম বিয়ে করতে অস্বীকৃতি জানালে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি আত্মগোপনে চলে যান। পরে ভুক্তভোগী তরুণীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।
মামলার পর শনিবার (৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে লালমনিরহাটের তিস্তা টোল প্লাজা এলাকা থেকে মোস্তাকিমকে গ্রেপ্তার করে এসআরবি-১৩।

