
মাঠে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় হার। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানার নাইটক্লাবের ভিডিও ও ছবি। এ নিয়ে সমালোচনার পাশাপাশি উঠেছে নানা প্রশ্ন।
ফিফা আসিয়ান কাপের প্রথম আসরে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে হারে থমাস ডুলির দল।
এর কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সাদ ও সোহেল রানার কিছু ছবি ও ভিডিও। ইন্দোনেশিয়ার এক নারী আলানার এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত পোস্টে দেখা যায়, দুই বাংলাদেশি ফুটবলারের সঙ্গে কয়েকজন নারী রয়েছেন। অন্য একটি ভিডিওতে গানের তালে নাচতেও দেখা যায় সাদকে।
দলের এমন বড় হারের পর এমন ছবি-ভিডিও প্রকাশ্যে আসায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
তবে সাদ ও সোহেল রানার দাবি, ছবিগুলো ইন্দোনেশিয়ায় তোলা নয়। তাঁদের ভাষ্য, মোহামেডানে যোগ দেওয়ার পর জাতীয় দলের শিবির শুরু হওয়ার আগে তাঁরা নেপালে ঘুরতে গিয়েছিলেন। সেখানকার একটি ক্লাবে ওই নারীর সঙ্গে তাঁদের পরিচয় হয়।
অন্যদিকে, আলানা তাঁর পোস্টে দাবি করেছেন, বাংলাদেশি ফুটবলাররা তাঁকে তাঁদের ক্লাবে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ দেখতে যাওয়ার কথাও বলেছিলেন।
বিষয়টি নিয়ে বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের পর রাতের খাবার শেষে খেলোয়াড়দের নিজ নিজ কক্ষে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁর ভাষ্য, খেলোয়াড়েরা নির্দেশ অমান্য করে বাইরে গিয়ে থাকলে বিষয়টি দলের শৃঙ্খলা কমিটি দেখবে।
আমিরুল ইসলাম বাবু বলেন, খেলোয়াড়দের কক্ষের বাইরে সারারাত দাঁড়িয়ে পাহারা দেওয়া সম্ভব নয়। তবে নিয়ম ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

