কারাগারেও ‘বিলাসী’ জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার

কারাগারেও ‘বিলাসী’ জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার - the Bengali Times
মার্কিন সংগীত তারকা শন ডিডি কম্বস 

কারাগারে থেকেও অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা নিচ্ছেন মার্কিন সংগীত তারকা শন ‘ডিডি’ কম্বস—এমন দাবি করেছেন একই কারাগারের কয়েকজন বন্দি। তাদের ভাষ্য, নিউ জার্সির ফোর্ট ডিক্স ফেডারেল কারাগারে রান্না, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার এমনকি বিছানা গুছিয়ে দেওয়ার জন্যও অন্য বন্দিদের ব্যবহার করছেন তিনি। এমনকি তার জন্য বিশেষ ধরনের মালিশের ব্যবস্থাও রয়েছে বলে দাবি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ চার বন্দির বরাতে জানিয়েছে, কারাগারে নিজের পছন্দের জীবনযাপন বজায় রাখতে প্রতি মাসে হাজার হাজার ডলার ব্যয় করছেন কম্বস। তার হয়ে কাজ করা বন্দিদের কারাগারের ভেতরের হিসাবের মাধ্যমে অর্থ দেওয়া হয় বলেও দাবি সূত্রগুলোর।

- Advertisement -

সূত্রগুলোর দাবি, নিষিদ্ধ মোবাইল ফোন ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমও দেখেন কম্বস। এমনকি সাবেক এক প্রেমিকার পাঠানো ব্যক্তিগত ছবিও তিনি এসব ফোনে দেখেছেন বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া দুই বন্দির দাবি, মেজাজ ভালো রাখতে ব্যবহৃত বিষণ্নতানাশক ওষুধ রিমেরনও অন্য বন্দিদের কাছ থেকে কিনেছেন কম্বস। সপ্তাহের ছুটির রাতে তার কাছে চোরাই পথে দামি মদ পৌঁছাত বলেও দাবি করা হয়েছে। এক বন্দি জানিয়েছেন, তিনি কম্বসের সঙ্গে হেনেসি মদ পান করেছেন।

খাবারের ক্ষেত্রেও সাধারণ বন্দিদের চেয়ে আলাদা সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সূত্রের দাবি, কম্বসের জন্য মুরগির তরকারি, পিৎজা ও মাংসের পুরভরা পিঠাসহ বিভিন্ন খাবার রান্না করা হয়। কেউ কেউ তার মোবাইল ফোন ও চিঠিপত্রও গোপনে নিজেদের কাছে রাখেন বলে দাবি করা হয়েছে।

কারাগারের ভেতরে তার হয়ে কাজ করা বন্দিদের বাইরে থাকা ব্যক্তিরা অর্থ পাঠান এবং সেই অর্থ সংশ্লিষ্ট বন্দিদের কেনাকাটার হিসাবের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় বলেও সূত্রগুলো দাবি করেছে।

ফোর্ট ডিক্স কারাগারে নিষিদ্ধ সামগ্রী ঢোকার সমস্যাও নতুন নয়। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মোবাইল ফোন, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন নিষিদ্ধ জিনিস কারাগারে পাচারের ঘটনা ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

যৌন সম্পর্কের উদ্দেশ্যে দুই ব্যক্তিকে অঙ্গরাজ্যের সীমান্ত পার করানোর অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর কম্বসকে ৫০ মাসের কারাদণ্ড দেওয়া হয়। ২০২৫ সালের অক্টোবরে তাকে ফোর্ট ডিক্স কারাগারে নেওয়া হয়। সেখানে তিনি মাদক নিরাময় কর্মসূচিতেও অংশ নেন।

তবে সূত্রগুলোর দাবি, কারাগারে যাওয়ার অল্প সময়ের মধ্যেই মোবাইল ফোন, মদ ও নিজের হয়ে কাজ করার জন্য কয়েকজন বন্দির সহযোগিতা পেয়ে যান কম্বস। এমনকি বিশেষভাবে পরিবর্তিত একটি ট্যাবলেটও সংগ্রহ করেছেন বলে দাবি করা হয়েছে। সেটিতে সিনেমা ও তথ্যচিত্র দেখতেন তিনি।

গত গ্রীষ্মে আরেক বন্দির সঙ্গে মারামারির পর কিছু সময় একাকী বন্দিত্বে রাখা হয়েছিল কম্বসকে। পরে তাকে মাদক নিরাময় কর্মসূচি থেকেও বাদ দেওয়া হয় বলে সূত্রের দাবি। তবে একাকী বন্দিত্ব থেকে বের হওয়ার পর আবারও অন্য বন্দিদের দিয়ে বিভিন্ন কাজ করানোর অভিযোগ উঠেছে।

কম্বসের মুখপাত্র তার বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন। তিনি জানান, কম্বস এখনো কারাদণ্ড ভোগ করছেন এবং আপিলের আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কারাগার ব্যুরোর এক মুখপাত্র নির্দিষ্ট কোনো বন্দির কারাগারজীবন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেছেন, কারাগারে নিষিদ্ধ সামগ্রী প্রবেশ ঠেকানো কর্তৃপক্ষের চলমান কাজের অংশ।

বর্তমানে ফোর্ট ডিক্স কারাগারে প্রায় চার হাজার বন্দি রয়েছেন। কম্বসের বিচার চলাকালে তার আয়োজিত যৌন আসর নিয়ে নানা সাক্ষ্য সামনে এলেও যৌন পাচার ও সংঘবদ্ধ অপরাধের অভিযোগ থেকে তিনি খালাস পান। বর্তমানে তিনি ৫০ মাসের সাজা ভোগ করছেন এবং আপিলের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles