
একটি জার্সি, যার সঙ্গে জড়িয়ে আছে ফুটবল ইতিহাসের অন্যতম উজ্জ্বল অধ্যায়। লিওনেল মেসির বিদায়ের পর সেই বিখ্যাত ‘১০’ নম্বর জার্সি কার গায়ে উঠবে—এখন আর্জেন্টিনা ফুটবলে সেটিই বড় প্রশ্ন। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় উঠে এসেছে পাঁচ তারকার নাম।
সাবেক আর্জেন্টাইন ফুটবলার ও রাজনীতিক কার্লোস ম্যাক অ্যালিস্টারের মতে, মেসির বিদায়ের পরপরই কাউকে ১০ নম্বর জার্সি দিয়ে দেওয়া উচিত হবে না। বরং কয়েক মাস সময় নিয়ে সম্ভাব্য খেলোয়াড়দের পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
ইএসপিএনে দেওয়া বক্তব্যে ম্যাক অ্যালিস্টার বলেন, ‘আমি কাউকেই ১০ নম্বর দেব না।’ তবে একই সঙ্গে তিনি পাঁচজন খেলোয়াড়ের নাম উল্লেখ করেছেন, যারা ভবিষ্যতে এই ঐতিহাসিক জার্সির দায়িত্ব পেতে পারেন।
সম্ভাব্য পাঁচজন হলেন—এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও নিকো পাজ।
ম্যাক অ্যালিস্টারের প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট একটি সময় পর্যন্ত এসব খেলোয়াড়কে পর্যায়ক্রমে ১০ নম্বর জার্সি পরিয়ে তাদের পারফরম্যান্স ও দলের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করা যেতে পারে। এরপর পরিস্থিতি বিবেচনা করে স্থায়ীভাবে একজনকে বেছে নেওয়া হতে পারে।
মেসির ১০ নম্বর নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন আর্জেন্টিনার অধিনায়কত্বের বিষয়টি অবশ্য অনেকটাই পরিষ্কার। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মেসির পর জাতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন ক্রিস্তিয়ান রোমেরো।
মেসি ও নিকোলাস ওতামেন্দির পর অধিনায়কত্বের ক্রমে তৃতীয় অবস্থানে ছিলেন রোমেরো। ফলে নেতৃত্বের উত্তরসূরি নিয়ে সিদ্ধান্ত স্পষ্ট হলেও মেসির সঙ্গে অমর হয়ে যাওয়া ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হবেন, সেটি এখনো অনিশ্চিত।
এক যুগের বেশি সময় ধরে মেসির গায়ে দেখা সেই ‘১০’ নম্বরের পরবর্তী অধ্যায় তাই এখন অপেক্ষার। আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের চোখও থাকবে সেই সিদ্ধান্তের দিকে।

