
খুলনা মহানগরীর করিমনগর এলাকায় একটি ভাড়া বাসা থেকে মনি খান নামে এক বিউটিশিয়ানের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে করিমনগর মসজিদ লেনের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, পরিবারের সদস্যরা মনি খানের কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মনি খানকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মনি খান স্থানীয় হোসাইন রশিদ খানের স্ত্রী। তিনি করিমনগর মসজিদ লেনের আজাদুল হকের বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ তার লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেছে।
বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

