ককটেল বিস্ফোরণের ভিডিও পাঠালেই মিলত ৫-১০ হাজার টাকা: ডিবি

ককটেল বিস্ফোরণের ভিডিও পাঠালেই মিলত ৫-১০ হাজার টাকা: ডিবি - the Bengali Times

রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় সংঘবদ্ধ একটি চক্রের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় সংঘবদ্ধ একটি চক্রের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোয়েন্দা পুলিশের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের পর ঘটনাটির ভিডিও পাঠালে সংশ্লিষ্টদের ৫ থেকে ১০ হাজার টাকা দেওয়া হতো।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব কর্মকাণ্ডের নির্দেশনা আসত ভারতীয় নম্বর ব্যবহার করে খোলা বিভিন্ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে। সম্প্রতি ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি।

- Advertisement -

ডিবির ভাষ্য অনুযায়ী, মাঠপর্যায়ে নাশকতার কাজে মাদকাসক্ত ও ভাসমান মানুষদের পাশাপাশি বিভিন্ন প্রলোভন দেখিয়ে তরুণদেরও যুক্ত করা হচ্ছিল। নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় ককটেল তৈরির গোপন স্থাপনার সন্ধান পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

সাম্প্রতিক অভিযানে যাত্রাবাড়ী, কমলাপুর ও সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবির দাবি, জিজ্ঞাসাবাদে তাদের কয়েকজন নাশকতার নির্দেশ ও অর্থপ্রাপ্তির বিষয়ে তথ্য দিয়েছেন।

তদন্ত কর্মকর্তাদের বরাতে জানা গেছে, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের পর ঘটনাটির ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো হতো। পরে মোবাইল আর্থিক সেবার মাধ্যমে টাকা পাঠানো হতো বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভারতীয় নম্বর দিয়ে খোলা হলেই ব্যবহারকারী ভারতে অবস্থান করছেন—এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। রোমিং সুবিধা কিংবা ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের যেকোনো স্থান থেকেই এমন অ্যাকাউন্ট পরিচালনা করা সম্ভব।

এদিকে, নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার সন্দেহে ঢাকার উত্তরা থেকে রবিউল ইসলাম নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ডিবি। তার পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সের তথ্যে অসঙ্গতি পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। পরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

অন্যদিকে, কক্সবাজার থেকে বাস পোড়ানো ও বোমাবাজির সমন্বয়ের অভিযোগে মো. সবুজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।

ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সংশ্লিষ্ট নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles