
৬ অক্টোবর আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি ছবি সংগৃহীত
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ দেখতে চাইলে শিশুদেরও গুনতে হবে বিপুল অর্থ। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটিতে ৩ থেকে ১০ বছর বয়সী শিশুদের সর্বনিম্ন টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২৯ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ ৬১ হাজার টাকা।
বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে হবে আর্জেন্টিনা-বেনিন ম্যাচটি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রকাশিত টিকিটমূল্য অনুযায়ী, শিশুদের জন্য নির্ধারিত এই দামই সর্বনিম্ন।
প্রাপ্তবয়স্কদের টিকিটের দাম আরও বেশি। সাধারণ দর্শকদের জন্য সর্বনিম্ন টিকিটের দাম ৯০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। বিভিন্ন গ্যালারির টিকিটের দাম বেড়ে সর্বোচ্চ ৪ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ৫ কোটি ৮৯ লাখ টাকা পর্যন্ত হয়েছে।
মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে এরই মধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। টিকিট কিনতে নির্ধারিত ওয়েবসাইটে আগে নিবন্ধন করতে হবে। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।
তবে বেনিনের বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনা আরও দুটি ম্যাচ খেলবে। ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে এবং ২ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে মেসির শেষ ম্যাচ হিসেবে ৬ অক্টোবরের বেনিন ম্যাচটিই ভক্তদের মূল আকর্ষণ।

