
রংপুরের বদরগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা এস কে ফুলবাবু সরকারকে এক নারীর সঙ্গে একটি বাড়ি থেকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে বদরগঞ্জ পৌর শহরের চাঁদকুঠির ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ওই বাড়িতে ফুলবাবুকে এক নারীর সঙ্গে দেখতে পেয়ে স্থানীয়রা বাড়িটি ঘেরাও করেন। পরে দুজনকে আটক করে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ওই নারী একটি সঞ্চয়ী সমিতিতে মাঠকর্মী হিসেবে কাজ করেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি ওই বাড়িতে বসবাস করছিলেন। ফুলবাবু সেখানে গেলে স্থানীয়দের সন্দেহ হয় বলে দাবি করা হয়েছে।
ফুলবাবু স্থানীয়দের জানিয়েছেন, ওই নারীর সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় রয়েছে। ৫ আগস্টের পর তিনি এলাকা ছেড়ে ঢাকায় চলে যান এবং সেখানে একটি হোটেলে কাজ নেন বলেও জানান।
বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরদার বলেন, ফুলবাবুর বিরুদ্ধে আগে থেকেই একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। পাশাপাশি নারীর সঙ্গে আটকের ঘটনাটিও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাদের আদালতে পাঠানো হবে।

