সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের প্রতীকী প্রকাশ

সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের প্রতীকী প্রকাশ - the Bengali Times
সাইনের নিচে লেখা হয়েছে এখন এবং সব সময়

লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার মার্কিন উদ্যোগের পর পাল্টা বার্তা দিলেন কানাডার অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডাগ ফোর্ড। শনিবার হ্যামিল্টনের গ্রেট লেকের তীরবর্তী ফিফটি পয়েন্ট কনজারভেশন এরিয়ায় বিশাল আকারের ‘লেক অন্টারিও’ সাইন উন্মোচন করেন তিনি। সাইনের নিচে লেখা হয়েছে ‘এখন এবং সব সময়’।

লাল কানাডা সকার জার্সি পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ফোর্ড। বিশাল নীল সাইনটি ঢাকা একটি ত্রিপল সরিয়ে আনুষ্ঠানিকভাবে সেটি প্রকাশ করেন তিনি। প্রতীকী এই আয়োজনের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে কানাডার অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেন অন্টারিওর প্রিমিয়ার।

- Advertisement -

সাইন উন্মোচনের পর ফোর্ড বলেন, ট্রাম্পকে তিনি একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন কানাডিয়ানরা যথেষ্ট সহনশীল এবং শক্তিশালী। কোনও ভয় বা চাপের কাছে কানাডা মাথা নত করবে না বলেও মন্তব্য করেন তিনি। ফোর্ডের বক্তব্য, এই জলভাগ কানাডা ও বিশ্বের কাছে ‘লেক অন্টারিও’ নামেই পরিচিত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট এটিকে অন্য কোনও নামে ডাকছেন কি না, তা নিয়ে কানাডার বিশেষ কোনও মাথাব্যথা নেই বলেও তিনি জানান।

লেক অন্টারিওর নাম পরিবর্তনের বিষয়টি কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের একটি প্রতীকী ইস্যুতে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলাধারটির নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার উদ্যোগ নেন। এর পরই কানাডার পক্ষ থেকে বিষয়টি নিয়ে আপত্তি এবং পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়। ডাগ ফোর্ড ও ট্রাম্পের মধ্যে চলা রাজনৈতিক বাকযুদ্ধের মধ্যেই লেকের নাম নিয়ে বিতর্ক আরও প্রকাশ্যে আসে। বিশেষ করে কানাডা-যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা ভেঙে পড়ার পর দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে প্রকাশ্য বক্তব্য ও পাল্টা বক্তব্যের মাত্রা আরও বেড়ে যায়। সেই উত্তেজনার আবহেই লেক অন্টারিওর তীরে ফোর্ডের এই সাইন উন্মোচন তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

তবে ফোর্ডের এই উদ্যোগে উপস্থিত প্রত্যেকেই যে সমানভাবে উৎসাহিত হয়েছেন, তা নয়। অনুষ্ঠান চলাকালীন লেকফ্রন্টে থাকা অঙ্কুর প্যাটেল বিষয়টিকে রাজনৈতিক প্রদর্শন হিসেবেই দেখছেন। তার মতে, ফোর্ড ও ট্রাম্পের পারস্পরিক বাকযুদ্ধ এবং লেকের নাম পরিবর্তন নিয়ে তৈরি বিতর্ক মূল সমস্যাগুলি থেকে মানুষের মনোযোগ সরিয়ে দিচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের বদলে কানাডা-যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। লেক অন্টারিওর তীরে নতুন সাইনটি তাই শুধু একটি নামের বোর্ড নয় দুই প্রতিবেশী দেশের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের প্রতীকী প্রকাশ হিসেবেও সামনে এসেছে।

সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Related Articles

Latest Articles