
রাজ কাপুরের ‘রাম তেরি গঙ্গা মেলি’ সিনেমায় অভিনয় করে আশির দশকে ব্যাপক পরিচিতি পান অভিনেত্রী মন্দাকিনী। তবে অভিনয়জীবনের পাশাপাশি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তার একটি ছবি নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। এবার সেই পুরোনো বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্দাকিনী জানান, দাউদের আমন্ত্রণে তিনি দুবাই যাননি। একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। পরে একটি ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে দাউদের সঙ্গে তার ছবি তোলা হয়। ছবিটি যে পরবর্তী সময়ে এত বড় বিতর্কের জন্ম দেবে, তখন তিনি তা বুঝতে পারেননি।
দাউদের সঙ্গে পরিচয় ও ওই ছবি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, একজন শিল্পী হিসেবে তাকে অসংখ্য মানুষের সঙ্গে দেখা করতে হয়। কে কী বলবেন বা লিখবেন, সেটি তার নিয়ন্ত্রণে থাকে না। তার কাছে সবাই সমান।
দাউদের আমন্ত্রণে দুবাই গিয়েছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে মন্দাকিনী স্পষ্টভাবে বলেন, দাউদ তাকে আমন্ত্রণ জানাননি। ওই সময় তোলা ছবিকে কেন্দ্র করে যে এত আলোচনা ও জল্পনা তৈরি হবে, তা তিনি ভাবেননি।
তবে ছবিটি প্রকাশ্যে আসার পর দাউদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। মন্দাকিনী জানান, ওই বিতর্ক তার অভিনয়জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছিল। তার ভাষায়, ‘এই বিতর্ক অনেক ক্ষতি করেছিল।’
অভিনেত্রীর মতে, পরবর্তী সময়ে তিনি উপলব্ধি করেন—এ ধরনের পরিস্থিতি সামলাতে শিল্পীদের পাশে দক্ষ সহযোগী দল থাকা প্রয়োজন।
১৯৮৫ সালে মুক্তি পাওয়া ‘রাম তেরি গঙ্গা মেলি’ সিনেমার মাধ্যমে মন্দাকিনী রাতারাতি তারকা হয়ে ওঠেন। এরপর অনিল কাপুর, মিঠুন চক্রবর্তী, গোবিন্দসহ বলিউডের একাধিক জনপ্রিয় অভিনেতার সঙ্গে কাজ করেন তিনি। ১৯৯৬ সালে ‘জোরদার’ সিনেমায় অভিনয়ের পর দীর্ঘ সময় পর্দার বাইরে ছিলেন মন্দাকিনী। পরে প্রায় ১৯ বছর পর আবার অভিনয়ে ফেরেন তিনি।

