
ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ভারতের জনতা দল (সেক্যুলার)-এর সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নার ব্যবহৃত মোবাইল ফোনে ডজনখানেক পর্ন ভিডিও পাওয়ার দাবি করা হয়েছে। কারাগারে তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী ফরেনসিক পরীক্ষার পর এসব তথ্য সামনে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১১ আগস্ট বেঙ্গালুরুর পারাপ্পানা আগ্রাহারা কেন্দ্রীয় কারাগারে আকস্মিক অভিযান চালান অপরাধ তদন্ত শাখার কর্মকর্তারা। এ সময় রেভান্নার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার উচ্চনিরাপত্তার ব্যারাক থেকে একটি চার্জার, পেনড্রাইভ ও নোটবুকও জব্দ করা হয়।
পরে জব্দ করা সামগ্রী ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে মোবাইল ফোনে ডজনখানেক পর্ন ভিডিও এবং পেনড্রাইভে ওয়েব সিরিজের ভিডিও পাওয়া গেছে বলে জানা গেছে।
কারাগারে বন্দিদের ব্যক্তিগত মোবাইল ফোন, সিম কার্ড ও ইলেকট্রনিক যোগাযোগের সরঞ্জাম ব্যবহারের অনুমতি নেই। ফলে রেভান্নার কাছে কীভাবে মোবাইল ফোন পৌঁছাল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পর কারাগারের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্বল রেভান্না ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। এক নারী অভিযোগ করেছিলেন, ২০২১ সাল থেকে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় এবং এসব ঘটনার ভিডিও ধারণ করে কাউকে জানালে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।
কারাগারে রেভান্নার কাছে নিষিদ্ধ মোবাইল ফোন পাওয়ার ঘটনায় বন্দিদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে। তদন্তের মাধ্যমে কীভাবে তিনি ফোনটি পেলেন এবং কারাগারের নিরাপত্তাব্যবস্থায় কোথায় ত্রুটি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

