
তিন দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে পথচলা ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। দীর্ঘ এই দাম্পত্য জীবনে ভালোবাসার পাশাপাশি তাদের ঘিরে একাধিকবার ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন। তবে সব আলোচনা পেছনে ফেলে এখনো একসঙ্গেই আছেন তারা।
সম্প্রতি নিজেদের সম্পর্ক ও দীর্ঘ সংসারজীবন নিয়ে কথা বলতে গিয়ে বিচ্ছেদের গুঞ্জনের প্রসঙ্গও তুলে ধরেছেন ওমর সানী। তার ভাষায়, মানুষ হিসেবে স্বামী-স্ত্রী দুজনেরই ভুল হতে পারে। কিন্তু সেই বিষয়গুলো নিয়ে অতিরিক্ত লেখালেখিই অনেক সময় সমস্যাকে বড় করে তোলে।
বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মৌসুমীর প্রতিক্রিয়া জানাতে গিয়ে সানী বলেন, ‘ওদের হয়তোবা এসব বলে কিংবা লিখে সংসার চলে। হয়তোবা দুইটা পয়সার কারণে চাল-ডাল কিনে খায়।’
তবে এসব আলোচনা তাদের সম্পর্কের ওপর প্রভাব ফেলেনি বলেই জানান এই অভিনেতা। বরং স্ত্রী মৌসুমীর প্রতি নিজের ভালোবাসার কথা স্পষ্ট করে তিনি বলেন, ‘এই বয়সেও এসে আমি বলব, ফারদীন–ফাইজার আম্মু—তোমাকে ভালোবাসি।’
সংসার টিকিয়ে রাখার রহস্য হিসেবে বিশ্বাস ও ত্যাগের কথা উল্লেখ করেন সানী। তিনি বলেন, স্বামী-স্ত্রীর সম্পর্কে একজন আরেকজনকে বিশ্বাস করা এবং প্রয়োজনে ত্যাগ স্বীকার করা জরুরি। এসব বিষয় তাদের সম্পর্কেও রয়েছে।
মৌসুমীর যে গুণগুলো এখনো তাকে আকৃষ্ট করে, সেগুলোর মধ্যে স্ত্রীর যত্নশীলতা ও জেদের কথা বিশেষভাবে উল্লেখ করেন সানী। তার মতে, মৌসুমী অনেক বিষয় ধৈর্য ধরে মনে রাখতে পারেন, যেখানে তার নিজের ধৈর্য তুলনামূলক কম।
সন্তানদের প্রতিও মৌসুমীর গভীর মমতার কথা তুলে ধরে সানী জানান, ছেলে ফারদীন ও মেয়ে ফাইজাকে ঘিরেই স্ত্রীর সবচেয়ে বেশি চিন্তা। নিজের সংসারে স্ত্রী ও সন্তানদের নিয়ে নানা মজার স্মৃতিও শেয়ার করেন তিনি।
মৌসুমী ও ওমর সানীর প্রেমের গল্পের শুরু সিনেমার সূত্র ধরেই। প্রথম পরিচয়ের পর ‘দোলা’ সিনেমায় জুটি হিসেবে কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। একপর্যায়ে সেই ভালো লাগা গড়ায় বিয়েতে।
১৯৯৫ সালের ৪ মার্চ ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে চুপিসারে বিয়ে করেন তারা। এরপর পেরিয়ে গেছে তিন দশকের বেশি সময়। নানা গুঞ্জন, অভিমান ও আলোচনা-সমালোচনার মধ্যেও ভালোবাসা, বিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়ার বন্ধনে এখনো পাশাপাশি রয়েছেন এই তারকা দম্পতি।

